‘আমি কখনো একা থাকি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমেনা চৌধুরী। মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী। আজ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে তাঁর একক মঞ্চনাটক লালজমিন।‘লালজমিনের’ ৫২তম মঞ্চায়ন...২০১১ সালে নাটকটি প্রথম মঞ্চায়ন হয়েছিল। এই নাটক নিয়ে আমরা দেশের বাইরেও গিয়েছি। লিখেছেন মান্নান হীরা, নির্দেশক সুদীপ চক্রবর্তী। গল্পটি মুক্তিযুদ্ধ নিয়ে। যেহেতু একক অভিনয়, আমি একাই ১৪টি চরিত্রে অভিনয় করেছি। আমার নাট্যদল শূন্যন কাল (আজ) শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন করবে। সবাইকে আমন্ত্রণ।নাটক শেষে দর্শকের অভিব্যক্তি...মজার ব্যাপার হলো, এই নাটকটির বেলায় বেশির ভাগ দর্শকই নাটক শেষ হয়ে যাওয়ার পরও উঠে যান না। বেশ কিছুক্ষণ বসে থাকেন। এক ঘণ্টা ১০ মিনিট ধরে আমাদের নিজেদের গল্প, নিজেদের ইতিহাস... মন্ত্রমুগ্ধের মতো দেখার পর ধাতস্থ হতে একটু সময় লাগে। দেশে-বিদেশে অসংখ্য দর্শক এই নাটক দেখে কেঁদেছেন। এমনও অনেক দর্শক আছেন, যাঁরা নাটকটি চার-পাঁচবার দেখেছেন। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া।নাটক আমার কাছে...নাটক আমার কাছে সন্তানের মতো।যখন মঞ্চে উঠে দাঁড়াই...প্রথম পাঁচ মিনিট একটু ভয় ভয় লাগে। তারপর পুরোপুরি চরিত্রের সঙ্গে মিশে যাই। খুব আনন্দ নিয়ে কাজটি করি।আরণ্যক এবং আমি...২২ বছর ধরে আরণ্যকের সঙ্গে আছি। অনেক কিছু শিখেছি। এই যে এত দূর আসা, এর পেছনে আরণ্যকের অনেক অবদান।মঞ্চে একা আর বাস্তবে একা...মঞ্চে একক অভিনয় করলেও এটা তো আসলে টিমওয়ার্ক। পেছনে অনেকে থাকেন। বাস্তবেও মোটামুটি তা-ই। আমি কখনো একা থাকি না। আশপাশে কেউ না থাকলেও বিভিন্ন নাটকের চরিত্রগুলো আমাকে ঘিরে রাখে। আমি ওদের সঙ্গে কথা বলি, গল্প করি। তাই একাকিত্ব আমার নেই।টিভির পর্দায়...আমার অভিনীত তিনটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। দাগ, হাতেমতাই আর জলদহন। এক ঘণ্টার একটি নাটক করলাম, অপেক্ষা। এ ছাড়া ইদানীং ঈদের দু-তিনটি নাটকে কাজ করেছি। মো. সাইফুল্লাহ