
ফজলুর রহমান বাবু । অভিনেতা। অভিনয় করছেন টিভিনাটক ও চলচ্চিত্রে। একসময় নিয়মিত ছিলেন মঞ্চে। বিটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়া। এতে অভিনয় করেছেন তিনি। নাটকটি তৈরি করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন।
‘উজান গাঙের নাইয়া’...
আমরা যে নাটকগুলোতে অভিনয় করি, এখানে অনেক সীমাবদ্ধতা থাকে। এর মধ্যেই আমরা কাজ করি। সবাইকেই অনেক ছাড় দিতে হয়। এসব কারণেই মানসম্মত নাটক দর্শক পান না। কিন্তু উজান গাঙের নাইয়া সেসব থেকে একেবারেই আলাদা। কোনো কিছুর সঙ্গেই আপস করা হয়নি। আমি বলব, এটি আন্তর্জাতিক মানের একটি কাজ।
নিরাপত্তা...
আমরা যারা অভিনয় করি, তাদের প্রায়ই নানা ঝুঁকি নিতে হয়। আমরা কাজটা করে ফেলি। কখনো কোনো দুর্ঘটনার সম্ভাবনার কথা মনেই থাকে না। কিন্তু এই নাটকে নিরাপত্তার দিকটিতে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। এই যেমন গাছে ওঠা কিংবা নদীতে নামার দৃশ্যে কাজ হবে। তার আগেই প্রয়োজনীয় সব নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হতো। আর শুটিংয়ের পুরো সময় আমাদের সঙ্গে একজন চিকিৎসক থাকতেন। এটা ভাবা যায়!
ধারাবাহিকে কাজ...
কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এখন পুবাইলে শামীম জামানের আনন্দ গ্রাম নাটকের কাজ করছি। অন্য নাটকগুলো হলো দীপ বড়ুয়ার হাওয়াই মিঠাই, কায়সার আহমেদের গৃহযুদ্ধ, আল হাজেনের অলসপুর। সকাল আহমেদের নাটকটির নাম চূড়ান্ত হয়নি।
আবার ‘রঙের মানুষ’...
রঙের মানুষ ধারাবাহিকে প্রথম কাজ করেছিলাম ২০০১ সালে। এবার ঈদ উপলক্ষে সালাহউদ্দিন লাভলু রঙের মানুষ নামে ঈদের জন্য একটি ধারাবাহিক তৈরি করেছেন। আমরা প্রথম যারা অভিনয় করেছিলাম, এবারও তারাই কাজ করেছি। তখন সবার বয়স ছিল কম, এখন বেড়েছে। এটা কিন্তু বেশ বোঝা গেছে। তবে আমি কিন্তু আগের মতোই আছি।
ঈদের পর...
ঈদের পর অস্ট্রেলিয়া যাব। ওখানে মঞ্চনাটকে অভিনয় করব। নাম মাটির টানে ও ভূতের স্বপ্ন। এই নাটকে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস ও সৈনিক।
বিনোদন প্রতিবেদক