'আমি কিন্তু বাংলাদেশের সম্ভাবনাই দেখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত অজয় চক্রবর্তী
পণ্ডিত অজয় চক্রবর্তী
স্কয়ার নিবেদিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এ এবারও এসেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। উৎসবের দ্বিতীয় দিন তাঁর পরিবেশনা ছিল মনোহর। সেই পরিবেশনার আগে ২৮ নভেম্বর বিকেলে ঢাকার একটি হোটেলে বসে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলতাফ শাহনেওয়াজ।

‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এর শুরু থেকে এই উৎসবের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি। সংগীত পরিবেশন করেছেন বিগত সবগুলো উৎসবেই। আপনার বিচারে এই উৎসবের অর্জনগুলো কী কী?

অর্জন কিন্তু একেবারে কম নয়। প্রথম কথা হলো, রাগ (আমি উচ্চাঙ্গ বা শাস্ত্রীয় সংগীত বলার পক্ষপাতী নই) সংগীত সম্পর্কে সবার মধ্যে যে ধারণা ছিল, উচ্চবর্গ বা গুটিকয় মানুষই এ ধারার সমঝদার, এই সংগীত শুনতে গেলে বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয়—এ ধারণার পরিবর্তন ঘটেছে। সাধারণের দোরগোড়ায় পৌঁছেছে রাগসংগীত। প্রথম উৎসব থেকে যদি হিসাব করা হয়, প্রতি উৎসবেই মানুষ বেড়েছে। মানুষ সারা রাত জেগে সুশৃঙ্খলভাবে গান শুনছে, এটা কিন্তু কম বড় অর্জন নয়। এর চেয়ে বড় কথা, এ ধারার সংগীত সম্বন্ধে মানুষ, বিশেষত তরুণদের আগ্রহ তৈরি হয়েছে। আর আয়োজন ও শ্রোতার অংশগ্রহণ—দুই বিবেচনাতেই বাংলাদেশের এই উৎসবটি আজ বিশ্বের সবচেয়ে বড় রাগসংগীতের আসর। চার বছরে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের সাফল্য এসব ক্ষেত্রেই।
উচ্চাঙ্গসংগীতের ক্ষেত্রে সম্ভাবনাময় হয়ে উঠছে বাংলাদেশ, আপনার কী মনে হয়?
অবশ্যই। বাংলাদেশ গানের দেশ। এই মাটিতেই আছে গান। আর ওস্তাদ আলাউদ্দিন খাঁ তো এই মাটিরই সন্তান। এখানে আবুল খায়ের ভাইয়ের মতো পৃষ্ঠপোষক আছেন। এ ছাড়া এখানে তো কেবল রাগসংগীত উৎসবই হচ্ছে না, ‘পরম্পরা’ নামে একটি সংগীত বিদ্যালয়ের কাজও শুরু হয়েছে, বিভিন্ন ঘরানার সেরা ওস্তাদরা যেখানে শিক্ষা দান করবেন। আমি কিন্তু বাংলাদেশের সম্ভাবনাই দেখি।
উচ্চাঙ্গসংগীতের প্রসারে ইন্টারনেট সুবিধা ব্যবহার করে এখন অনলাইনে সংগীত শিক্ষা দিচ্ছেন আপনি। এ ক্ষেত্রে আপনার পরিকল্পনা জানতে চাই।
আমাদের একটি প্রতিষ্ঠান আছে, শ্রুতিনন্দন। পৃথিবী এগিয়ে চলেছে, আমাদেরও এগিয়ে যেতে হবে। আকাশ সংস্কৃতির যুগে ইন্টারনেটকে আমি শিক্ষাদানের মাধ্যম হিসেবে ব্যবহার করছি। বাংলাদেশ আমার পিতৃভূমি, এ মাটির প্রতি আমার দায় আছে। তাই বাংলাদেশের ছেলেমেয়েদেরও শিক্ষা দিতে চাই আমি। এ ব্যাপারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে কীভাবে এ দেশের মানুষের কাছে সংগীত শিক্ষা পৌঁছানো যায়, তা নিয়ে আমরা আলাপ করেছি। আশা করছি, ভালো কিছু হবে।
উচ্চাঙ্গসংগীত নিয়ে ভাবনা...
দেখুন, ‘উচ্চাঙ্গসংগীত’, ‘শাস্ত্রীয় সংগীত’—এ জাতীয় তকমায় আমার আপত্তি আছে। শাস্ত্র থেকে যে সংগীত উদ্ভূত তাই শাস্ত্রীয় সংগীত, উচ্চাঙ্গসংগীত বলতে বুঝি উচ্চ অঙ্গের গান। ‘উচ্চাঙ্গসংগীত’ বা ‘শাস্ত্রীয় সংগীত’ না বলে এই সংগীত ঘরানাকে রাগসংগীত বলাই অধিক সংগত বলে মনে হয় আমার। এ তকমাগুলো দিয়ে রাগসংগীতকে আমরা প্রকারান্তরে দূরের সামগ্রী বানিয়ে রাখছি।