'আমি চলচ্চিত্র নির্মাণ করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া প্রাচী
রোকেয়া প্রাচী

রোকেয়া প্রাচী । অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা করেন। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জার্সি নম্বর ১০। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। কথা হলো তাঁর সঙ্গে।
জার্সি নম্বর ১০...
ফুটবলে আমাদের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। অথচ এই খেলার প্রতি এখন আমাদের কোনো খেয়াল নেই। সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত। ক্রিকেটের পাশাপাশি অন্য খেলার প্রতিও নজর দেওয়া উচিত। ফেরদৌস হাসান ফুটবলের এই দুঃসময়ে একটি দুঃসাহসী কাজ করেছেন। জার্সি নম্বর ১০ খুব সময়োপযোগী একটি গল্প। এই নাটকের মধ্য দিয়ে ফুটবলের অনেক কিছু সবার নজরে এসেছে।
ক্রিকেট নিয়ে মাতামাতি...
যেকোনো খেলা নিয়ে মাতামাতি হতে পারে। ফুটবলের বর্তমান অবস্থা দেখে মনে হয়, পরিকল্পনার পর্যায়েই যথেষ্ট অবহেলা আছে। বিশ্বে কিন্তু ফুটবল খেলুড়ে দেশের সংখ্যা অনেক বেশি। আমাদের দেশের ফুটবলের জন্য এখন খুব প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ের সুনজরের পাশাপাশি সময়োপযোগী পরিকল্পনা।
আমার অন্য কাজ...
কয়েকটি খণ্ড নাটকে কাজ করছি। ধারাবাহিক নাটকেও অভিনয় করছি। পাশাপাশি নিজে নাটক পরিচালনা করছি।
ঈদের জন্য নাটক...
তিনটি নাটক এরই মধ্যে নির্মাণ করেছি। এগুলো হলো—ভালোবাসা হয়ে যায়, তাহাদের অগল্প ও পোট্রেট। রোজার মধ্যে নতুন একটি টেলিছবির কাজ শুরু করব। টেলিছবিতে আমি অভিনয় করব।
চলচ্চিত্রে অভিনয়...
সামনে আমার তিনটি চলচ্চিত্র মুক্তি পাবে। ছবিগুলো হলো মির্জা সাখওয়াত হোসেনের হরিজন, আশরাফ শিশিরের গাড়িওয়ালা এবং সরোয়ার তমিজের চিঠি ।
চলচ্চিত্র নির্মাণ...
আমি নিজেই চলচ্চিত্র নির্মাণ করব। এখন প্রস্তুতি নিচ্ছি। আগামী বছর কাজ করব।
বিনোদন প্রতিবেদক