'আমি চলচ্চিত্রে অভিনয় করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভানা। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন টু’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। নাচের পাশাপাশি টিভির নাটকে অভিনয় করেছেন।

ইভানা
ইভানা

‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন টু’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আপনি। আপনাকে শুভেচ্ছা।
ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চোখে এখন অনেক স্বপ্ন। সব স্বপ্ন যেন বাস্তবে রূপ দিতে পারি।
দুয়েকটি স্বপ্নের কথা বলুন তো শুনি।
যেমন আমি বড় নৃত্যশিল্পী হতে চাই। কোরিওগ্রাফি করতে চাই। কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। অভিনয়ের প্রতি আমার দারুণ আগ্রহ। সুযোগ পেলে উপস্থাপনাও করব। এই কাজটা দূর থেকে দেখে ভালোই লাগে।
কোন কোন নাটকে অভিনয় করেছেন?
তিনটা বড় ধারাবাহিকে অভিনয় করেছি। নাটকগুলো হলো সাতকাহন, স্বপ্নলোকের চাবি আর গ্রেট মিসটেক।
চলচ্চিত্রে কাজ করার ইচ্ছ হয়?
আমি চলচ্চিত্রে অভিনয় করব। মজার ব্যাপার হলো, একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে বৃহস্পতিবার আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবির নাম লাভ ইউ লাভ ইউ। পরিচালক ইরানী বিশ্বাস। ২০ জুন ছবিটির মহরত হবে। শুটিং শুরু হবে রোজার ঈদের পর। সামনে ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবিতে কাজ করার সম্ভাবনা আছে।
আসুন এবার আপনার নাচ নিয়ে কথা বলি। কবে থেকে নাচ শিখছেন?
সেই ছোটবেলা থেকে। শুরুতে শান্ত-মারিয়ামে ছিলাম। এরপর এম আর ওয়াসেকের কাছে দীর্ঘদিন ধরে শিখছি। লুবনা মরিয়মের প্রতিষ্ঠান সাধনাতেও শিখছি। ইদানীং যুক্তরাষ্ট্রের একজন নাচের শিক্ষক টাই আলেকজান্ডার চ্যাংয়ের কাছে সমকালীন পাশ্চাত্য নাচের ওপর প্রশিক্ষণ নিয়েছি। এ ছাড়া ভরতনাট্যম শিখছি অমিত চৌধুরীর কাছে।
পড়াশোনার খবর কী?
সামনে ও লেভেল পরীক্ষা। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন টু’ প্রতিযোগিতার জন্য অনেক দিন পড়াশোনায় তেমন মন দিতে পারিনি। এখন আবার পড়াশোনার দিকটিতে জোর দিয়েছি।