'আমি ছিলাম, আছি, থাকব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাবনূর। চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। গত কয়েক বছরে কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন। ওই সময় কি তিনি কোনো পরিকল্পনা করছিলেন? কোনো ঘোষণা ছাড়াই বিদেশে পাড়ি জমালেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। এরপর জানা গেল তিনি বিয়ে করেছেন, মা হয়েছেন। আবার দীর্ঘ বিরতি। অনেক দিন পর সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন।

শাবনূর
শাবনূর

স্ট্রেট বল
যখন আমি ‘শাবনূর’ ছিলাম না
স্রেফ একজন সাধারণ মেয়ে ছিলাম। আর দশজন মেয়ের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। স্কুলে যেতাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম।
ফেসবুকে আমি
আমি ফেসবুকে আছি। আমার নামে কয়েকটি ভুয়া প্রোফাইল আছে। ফেসবুকে সাধারণত পরিবার আর আত্মীয়দের সঙ্গে বেশি যোগাযোগ করি।
যে পোশাকে আমাকে সবচেয়ে মানায়
অনেকেই বলেন, শাড়িতে নাকি আমাকে বেশি মানায়। তবে সালোয়ার-কামিজে আমি বেশি সাচ্ছন্দ্য বোধ করি।
‘মন বসে না পড়ার টেবিলে’
একদম সত্যি। ছাত্রছাত্রীদের কারোরই কিন্তু পড়ার টেবিলে বসতে মন চায় না। তবে ছাত্রী হিসেবে কিন্তু আমি মোটেও খারাপ ছিলাম না।

গুগলি
যার সঙ্গে নাচতে ইচ্ছা করে
মিশন ইম্পসিবল টু ছবিটি দেখার পর টম ক্রুজের প্রতি ভালো লাগা তৈরি হয়। সেই থেকে তাঁর সঙ্গে নাচার খুব ইচ্ছে। যদি সুযোগ মেলে, টম ক্রুজের সঙ্গে নাচব।
ভূত দেখলে
ওরে বাবা! ভূত দেখলে আমি আর বাথরুমে যেতে পারব না।
যে জাদুটা শিখতে চাই
আমি আমার বারান্দায় দাঁড়িয়ে থাকব। আর জাদুর বলে যেকোনো পাখি আমার বারান্দায় চলে আসবে। তারপর পাখির ডানায় চড়ে যেখানে ইচ্ছে, সেখানে চলে যাব।
এই বয়সে যদি কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করতে হয়
অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটি ছবিতে কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করেছি। এখন যদি করতে হয়, সেভাবেই নিজেকে তৈরি করে নেব।

বাউন্সার
হারিয়ে গিয়েছি, এটাই জরুরি খবর
আমি কোনো দিন হারিয়ে যাইনি। আমি ছিলাম, আছি, থাকব।
ডুব এবং লুকোচুরি
আমি ডুবও দিইনি, লুকোচুরিও করিনি। পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে, যখন মনে করেছি জানানো প্রয়োজন, তখনই জানিয়েছি। সবাই তো একভাবে বিয়ে করে, আমি একটু ব্যতিক্রম থাকার চেষ্টা করেছি। আমি যেহেতু ব্যতিক্রম, তাই আমার সবকিছু ব্যতিক্রম।
আজ থেকে বহুদিন পর; মা, দাদি, ভাবি, বড় বোনের চরিত্রে নিজেকে
কিছুই বলতে পারছি না। ভবিষ্যৎ বলা মুশকিল। যদি কখনো মনে হয়, এমন কোনো চরিত্র আমার ক্যারিয়ারে বিশেষ মাত্রা যোগ করবে, তাহলে হয়তো ভেবে দেখব।
জীবনের যে সত্যটা বদলাতে চাই
আমার জীবনের সবই সত্যি। বদলানোর কিছুই দেখছি না।

ফুল টস
প্রথম প্রেম
চাঁদনি রাতে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি। সত্যিকারের প্রেম-ভালোবাসা তখনো আমার মনের মধ্যে উঁকি দেয়নি। লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়ে থেকেছি। তাই চাঁদনি রাতে ছবিটিই আমার প্রথম প্রেম।
চলচ্চিত্রজগতে আমার সবচেয়ে ভালো বন্ধু
এহতেশাম দাদু। আমার সবচেয়ে ভালো যদি কেউ চাইতেন, তিনি এহতেশাম। আজকের আমি পুরোটাই তাঁর অবদান।
যে কারণে শাবনূর ব্যতিক্রম
আমি কোনো দিন কাউকে নিয়ে মাথাব্যথা করি না। কাজ আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকি।
নতুনদের মধ্যে যার অভিনয় ভালো লাগে
অগ্নি ছবিটি দেখে মাহিকে খুব ভালো লেগেছে। আর অনন্ত জলিলকেও ভালো লাগে। বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর মতো মানুষের অবদান আমাকে মুগ্ধ করেছে।

পাওয়ার প্লে
এফডিসির যা মিস করি
আমি কিছু মিস করি না। মিস বলতে কোনো শব্দ আছে, তা বিশ্বাসও করতে চাই না। জীবনে যা পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। এফডিসি হচ্ছে আমার বাড়ি। তাই নিজের বাড়িকে মিস করার তো কোনো মানেই হয় না।
অভিনয়শিল্পী হিসেবে নিজেকে নম্বর দিতে হলে
দশে নিজেকে পাঁচ কিংবা ছয় দেব। ক্ষেত্রবিশেষে আরও কম হতে পারে। প্রায়ই মনে হয়, আমি তো কিছুই শিখলাম না।
স্বপ্নে শাবনূর
আমার এমন ক্ষমতা আছে, যা দিয়ে দেশের সবাইকে এক নিয়মের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে।
এখন আমি
খুব ব্যস্ত। দেশে ফেরার পর থেকে নির্মাতারা ছবিতে অভিনয়ের জন্য যোগাযোগ করছেন। পারিবারিক অনেক কাজ জমা হয়ে গেছে। কোনো অবসর নেই।