'আমি তাঁর অভিনয়ের প্রেমে মশগুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১৩ ফেব্রুয়ারি অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী। জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন এই সময়ের আরেক অভিনেতা আফরান নিশো। কথা প্রসঙ্গে জানিয়েছিলেন হুমায়ুন ফরীদি তাঁর আদর্শ। আফরান নিশো সেই অনুভূতি লিখেছেন আনন্দ পাতায়।

একজন মানুষ, সবাই বলেন অভিনেতা। আমি বলি, অভিনয় শেখার একটা প্রতিষ্ঠান। প্রথম দেখে হাঁ হয়ে থাকার মতো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ তিনি। আমার সঙ্গে প্রথম দেখায় যদিও হাঁ হয়ে তাকিয়ে ছিলাম না। আলগা সম্মান দেখিয়ে মাথা ঝুঁকানো হয়নি কখনোই। অনেক কিছু শুনতাম তাঁর নামে। অনেক কথা। যেদিন আমার প্রথম কাজ তাঁর সঙ্গে, সেদিন আমাকে একটা ধাঁধা দেন। খুব সহজেই উত্তর দিতে পেরেছিলাম। তাই হয়তো আমাকে আপন করে নিয়েছিলেন। যতটা আমার কাছে উনি শুধু অভিনেতা নন, উনি একজন অভিভাবক ও বন্ধু।। আমার মতে, একজন হুমায়ুন ফরীদি সব অভিনেতাকেই অনুপ্রাণিত করেন। প্রভাবিতও করেন।

হুমায়ুন ফরীদি (জন্ম: ২৯ মে ১৯৫২—মৃত্যু ১৩ ফেব্রুয়ারি ২০১২
হুমায়ুন ফরীদি (জন্ম: ২৯ মে ১৯৫২—মৃত্যু ১৩ ফেব্রুয়ারি ২০১২

কাজের ফাঁকে তাঁর সঙ্গে কথা হতো অনেক। উনি ছিলেন জলজ্যান্ত এক উইকিপিডিয়া। পর্দায় তাঁর অভিনয় এবং পর্দার বাইরে তাঁর বন্ধুবৎসল আড্ডা সত্যিই ভোলার মতো নয়। তাঁর আচরণ, সম্মোহনী ক্ষমতা এবং প্রাণবন্ততা, হঠাৎ করে মুডি হয়ে যাওয়া আবার মাঝেমধ্যে শিশুর মতো আচরণ করা—সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। জীবন সার্থক মনে হয়, যখন দেখি আমি তাঁর সঙ্গে একই ফ্রেমে পাশাপাশি দাঁড়িয়ে অভিনয় করেছি। কী সৌভাগ্য আমার। শিখেছি প্রচুর, তাঁকে না জানিয়ে নিয়েছিও প্রচুর। তাই বারবার প্রশ্নবিদ্ধ হই, দিতে কি পেরেছি এতটুকু?
আমার এই লেখা হয়তো অসম্পূর্ণ, এর আগে কখনো লিখিনি তো। বিশ্বাস করুন, হাত কাঁপছে না এতটুকুও, হয়তো কথাগুলোও শেষ হচ্ছে না...কিন্তু আমি অবলীলায় বলব ভালোবাসি। হ্যাঁ! আমি এখনো তাঁর অভিনয়ের প্রেমে মশগুল।
আমাকে একদিন বলেছিলেন, নিশো কী হতে চাও? বলেছিলাম, ‘অভিনেতা’। বলেছিলেন, ‘তাই যেন হও—অভিনেতা’। জিজ্ঞেস করেছিলাম ভালো অভিনয় করতে কী প্রয়োজন? বলেছিলেন, কাণ্ডজ্ঞান (Common sense), অভিনয় না করা এবং শুধু সঠিক রিঅ্যাকশনটা দেওয়া।
তাঁর তিনটি উপদেশ আমি মেনে চলি। কারণ আমার আদর্শ একজন হুমায়ুন ফরীদি।
একটা বিষয় না বলে পারছি না। তাঁর সঙ্গে আশ্চর্যভাবেই মিলে গিয়েছিল আমার পছন্দের খাদ্যতালিকার অনেক খাবার। মাঝেমধ্যে তাঁর বাসায় রান্না করা খাবার আমাকে পাশে বসিয়ে খাওয়াতেন আর উৎসুক হয়ে থাকতেন কখন বলব, ‘রান্নাটা খুব ভালো হয়েছে তো।’ আমাকে দিতে চেয়েছিলেন একজন অভিনেতার গাড়িতে থাকবে এমন কিছু দরকারি জিনিস। কিন্তু নেওয়া হয়নি। আফসোসে কান্না আসে প্রায়ই।
আজ একটা কথা বলতে চাই, হুমায়ুন ফরীদি যেদিন না-ফেরার দেশে চলে যান, সেদিন আমি অনেকের মতো কাজ বন্ধ করিনি। তাঁর নিষ্প্রাণ দেহটা দেখতেও যাওয়া হয়নি। বিশ্বাস করুন, আমি তাঁর সেই স্থির হয়ে যাওয়া চেহারা দেখিনি, তাই স্মৃতিতে তাঁর নিষ্প্রাণ দেহটা আসে না। চোখের সামনে ভাসে না তাঁর মৃত চেহারা। তাই আমার কাছে আজও তিনি জীবিত। প্রায়ই আসেন আমার ঘরে। কথা হয়, আড্ডা হয়, রাগ-অভিমান, ঝগড়াও হয়। আমি তাঁকে কাঁদতে দেখেছি! কেন কাঁদেন? জানা হয়নি। হয়তো বলবেন একদিন।
এই লেখা লিখতে গিয়ে অনেক বেশি মনে পড়ছে তাঁকে। রাতেও কি আসবেন? আড্ডা হবে। মিস ইউ, ফরীদি ভাই। এক অভিনয়ের জীবনে যা অর্জন হবে সবই আপনার নামে উৎসর্গ করব। আর মনে লালন করব আপনাকে। আমৃত্যু।