'আমি, তোমার সামনেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মি বিফোর ইউ ছবিতে এমিলিয়া ক্লার্ক ও স্যাম ক্লাফিন
মি বিফোর ইউ ছবিতে এমিলিয়া ক্লার্ক ও স্যাম ক্লাফিন

লুসিয়ার বয়স ২৬। ইংল্যান্ডের এক অদ্ভুত মফস্বল শহরের বাসিন্দা। জায়গার প্রভাব কিছুটা তো অবশ্যই থাকে মানুষের মধ্যে। বোধ হয় সে কারণেই লুসিয়ার স্বভাবটা একটু বিচিত্র ধরনের। সৃজনশীল মানুষ তিনি, তবে জীবনের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। প্রয়োজনের তাগিদে রোজগার করতে হয়। কিন্তু এক চাকরিতে থিতু হতে পারেন না।

এমিলিয়া ক্লার্ক
এমিলিয়া ক্লার্ক

এমনিতে সব সময় হাসিখুশি থাকলেও নতুন চাকরি তাঁকে কিঞ্চিৎ দুশ্চিন্তায় ফেলে দেয়। কাজটি ছিল স্থানীয় এক ‘দুর্গে’, ছয় মাসের জন্য। সেখানে উইল ট্রেনর নামের এক তরুণ ব্যাংকারের পরিচর্যার দায়িত্ব নিতে হয়েছে তাঁকে। দুই বছর আগে ঘটা এক দুর্ঘটনায় নাটকীয় পরিবর্তন ঘটেছে উইলের জীবনে। এখন সে হুইল চেয়ার-বন্দী। একসময়ের দুরন্ত মানুষটা এখন হতাশায় নিমজ্জিত। কিন্তু লুসিয়ার সঙ্গ আবার আশার আলো দেখায় উইলকে। জীবন এখনো ফুরিয়ে যায়নি, অর্জনের অনেক কিছু বাকি আছে—এই উপলব্ধি হয়। এরপর লুসিয়া ও উইল একসঙ্গে বেশ কয়েকটি দুঃসাহসী পরিস্থিতির মুখোমুখি হন। সেই অভিজ্ঞতার পর তাঁদের দু-জনই অনুভব করেন, পরস্পরের হৃদয় এবং জীবন কেমন যেন বদলে যাচ্ছে, যা কল্পনার একেবারে বাইরে ছিল।
এ গল্প হলিউডের নতুন ছবি মি বিফোর ইউ-এর। একই নামে জোজো মোয়েসের লেখা জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কট নিউস্ট্যাডলার ও মাইকেল এম ওয়েবার। প্রধান দুই চরিত্র লুসিয়া ও উইলের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে এমিলিয়া ক্লার্ক ও স্যাম ক্ল্যাফিন। পরিচালক হিসেবে থিয়া শ্যারকের যাত্রা শুরু এ ছবির মাধ্যমে। কাহিনিতে খুব বেশি নতুনত্ব নেই। তাই উপস্থাপনায় ভিন্নতা আনতে চেষ্টা করেছেন শ্যারক। আর অভিনয়শিল্পীদের কাছ থেকেও সেরা কাজটা আদায় করেছেন। সব মিলিয়ে মি বিফোর ইউ পুরোপুরিই অনুপ্রেরণা, প্রাণশক্তি এবং সত্যিকারের কমনীয়তার চিত্রায়ণ। জুটি হিসেবে ক্লার্ক ও ক্ল্যাফিনের রসায়নটাও হয়েছে দারুণ।
ক্লার্কই এ ছবির ট্রাম্প কার্ড। সম্ভবত নিজের অভিনয়জীবনের সেরা কাজটা এ ছবিতে করে দেখিয়েছেন তিনি। একজন পঙ্গু মানুষকে নতুন করে বাঁচতে শেখানোর মতো সামর্থ্য আছে যে তরুণীর, সেই চরিত্রের সফল রূপায়ণ করেছেন গেম অব থ্রোনস-এর এই ব্রিটিশ তারকা। উইলের চরিত্রে ক্ল্যাফিনও চমৎকার কাজ করেছেন। তাঁর মধ্যে ছিল আকর্ষণীয় বুদ্ধিমত্তা, রসবোধ এবং নৈরাশ্যের সম্মিলন।
নামেই স্পষ্ট, এটি রোমান্টিক ঘরানার ছবি। শারীরিক প্রতিবন্ধকতা মানুষকে যে অনুভব ও অভিজ্ঞতার মুখে ঠেলে দেয়, তা বোধ করি মৃত্যুযন্ত্রণার চেয়ে কম নয়। কিন্তু অন্যের মমতা, সহানুভূতি ও আন্তরিক সাহায্য পেলে সেই প্রতিবন্ধকতা জয় করা যায়। এটাই মি বিফোর ইউ ছবির প্রতিপাদ্য। শেষ অবধি মন ভালো করে দেওয়ার উপযোগী বিনোদন মিলবে মি বিফোর ইউ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার ৩ জুন।

মুভি ইনসাইডার অবলম্বনে