ক থো প ক থ ন: কচি খন্দকার। অভিনয় করেন। পাশাপাশি তিনি নাট্যকার ও পরিচালক। তাঁর একটি ধারাবাহিক নাটক এখন প্রচারিত হচ্ছে এনটিভিতে। নাম ইয়েস বস নো বস

‘ইয়েস বস নো বস’...
বস কিন্তু শুধু প্রতিষ্ঠানেই না, সব ক্ষেত্রেই থাকে। ছিঁচকে চোর থেকে শুরু করে সমাজের উঁচুতলার মানুষ—প্রত্যেকেই কোনো না-কোনো বসের অধীনে থাকে। বসদের নিয়েই আমার এই নাটকের গল্প। নাটকে হাস্যরস তো থাকছেই, তবে সেটা জোর করে হাসানো নয়।
আমার বস...
হা হা হা! আমার তো একেক সময় একেক বস ছিলেন। তবে কারও অধীনে কাজ করতে আমার ভালো লাগে না। আপাতত আমি নিজেই নিজের বস।
ক্যামেরার সামনে বনাম ক্যামেরার পেছনে...
ওই যে বললাম, কারও অধীনে থাকতে ভালো লাগে না, তাই ক্যামেরার পেছনের কাজটাই বেশি উপভোগ করি। অন্যদের ওপর মাতব্বরি করা যায় ভালো। সামনে চলে গেলে তো অন্যের কথামতো চলতে হয়।
‘ক্যারাম’ এবং মোশাররফ করিম প্রসঙ্গ...
ক্যারাম মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় আমার লেখা প্রথম দিক্কার নাটক। এই নাটকের মধ্য দিয়েই যে মোশাররফ করিমের উঠে আসা, সেটা সে নিজেই বলে। এরপর আমার নিজের পরিচালনায়ও মোশাররফ প্রচুর কাজ করেছে, করছে। আমার ব্যক্তিগত মত হলো, সে যেকোনো চরিত্রে বৈচিত্র্য আনতে পারে। তাই নাটকের শিল্পী নির্বাচনের সময় আমার পছন্দের তালিকায় থাকে মোশাররফ করিম।
আমার প্রিয়, আমার নাটক...
এটা তো অবশ্যই কঠিন প্রশ্ন। আমার সব কাজই আমার ধারণাগুলো লালন করে। দর্শকের দৃষ্টিভঙ্গিতে বললে একেকজনের ভালো লাগা একেক রকম। তবে আমার প্রথম কাজ, খসরু প্লাস ময়না নাটকের কথা আলাদাভাবে বলা যায়। মারজুক রাসেল অসাধারণ অভিনয় করেছিলেন।
নতুন খবর...
একটা ধারাবাহিকের কাজ শুরু করব, নাম রঙিন রূপকথা। আমার সিনেমা দ্য বাইক-এর প্রস্তুতিও চলছে। এপ্রিল মাস থেকে আমরা কুষ্টিয়া, নড়াইল আর ঢাকায় শুটিং শুরু করব।
মো. সাইফুল্লাহ