‘আমি ভালো আছি’
‘আমি এখন ভালো আছি। কথা বলতে একটু সমস্যা হচ্ছে। চিকিৎসক বলেছেন, কিছু দিন পর ঠিক হয়ে যাবে।’ নিজের শারীরিক অবস্থা নিয়ে গতকাল বুধবার এভাবেই বললেন আজম খান। দুপুরে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে।স্বাভাবিকভাবে কথা বলতে আর কতটা সময় লাগবে?যেহেতু মুখের ভেতরে অস্ত্রোপচার হয়েছে, তাই কথা বলতে সমস্যা হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে।ওখানকার চিকিৎসা কেমন মনে হলো?খুব ভালো। খরচ বেশি হলেও চিকিৎসার ওপর ভরসা রাখা যায়। চিকিৎসকেরা আমার সমস্যাটা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এত আধুনিক চিকিৎসা পাব, ভাবতেই পারিনি। এটা সম্ভব হয়েছে বাংলাদেশে আমার কয়েকজন ভালোবাসার মানুষের কারণে। তাঁরা আমাকে ভালোবাসেন বলেই আমার বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ।সকাল থেকে কী করলেন?গতকালও করেছি। সকালে ঘুম থেকে উঠে আমার মুরগিটাকে খাবার দিয়েছি। আগে রোদ-বৃষ্টি যা-ই থাকুক, বাজারে যেতাম। কিন্তু আজ (বুধবার) যেতে পারিনি। আশা করছি, দুয়েক দিনের মধ্যে বাজারেও যেতে পারব।আর কী করেছেন?সারা দিন তো বিছানায় শুয়ে ছিলাম। অনেকেই দেখতে এসেছেন। তাঁদের সঙ্গে অল্প অল্প কথা বলেছি।পরের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকেরা কী বলেছেন?থেরাপি নেওয়ার জন্য আমাকে আবারও যেতে হবে। ওরা বলেছিল ১ সেপ্টেম্বর যেতে। কিন্তু থেরাপির জন্য আরও অনেক টাকার প্রয়োজন। এগুলো জোগাড় করতে হবে। তাই ১৬ সেপ্টেম্বর যাওয়ার সম্ভাবনা আছে।গত মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন আজম খান। সিঙ্গাপুর এয়ারলাইন্সে একমাত্র ছেলে হূদয় খানকে নিয়ে দেশে ফেরেন তিনি। মুখগহ্বরের ঝিল্লির (স্কোয়ামাস সেল কারসিনোমা) ক্যানসারে আক্রান্ত আজম খান স্থানীয় চিকিৎসকদের পরামর্শে গত ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ভর্তি হন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ২৮ জুলাই নাক, কান ও গলার শল্যচিকিৎসক অ্যান্ড্রু লয় হেং চেইনের নেতৃত্বে আজম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।