
সৈয়দ দুলাল। শব্দাবলী থিয়েটারের প্রধান। প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বরিশালের নাটকের এই দল। বরিশালে অশ্বিনীকুমার হল ও শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে উৎসবের নাটকগুলো।
স্টুডিও থিয়েটার উৎসব...
আজ বিকেলে উৎসবের উদ্বোধন হবে। সারা দেশ থেকে তো বটেই, কলকাতা থেকেও নাটকের দল এসেছে উৎসবে অংশ নিতে। সাত দিনের এই উৎসবে আটটি নাটক মঞ্চস্থ হবে।
স্টুডিও থিয়েটার-বৃত্তান্ত...
স্টুডিও থিয়েটার মূলত ইউরোপের ধারণা। কোনো থিয়েটার হল নয়। এ ক্ষেত্রে যেখানে মহড়া হয়, সেখানেই প্রদর্শনী হয়। নাটক নিয়ে নিরীক্ষা করা যায়। বাংলাদেশের জন্য স্টুডিও থিয়েটার খুব উপযোগী। এ দেশের প্রতিটি জেলায় থিয়েটার হল তেমন নেই। দর্শক-ধারণক্ষমতা অল্প হলেও আমার মনে হয়, প্রতিটি জেলায় স্টুডিও থিয়েটারের মাধ্যমে নাট্যচর্চা চালু রাখা উচিত।
‘শব্দাবলী’র ঘটনাবলি...
বরিশালে শব্দাবলী আমাদের নাটকের দল। শব্দাবলীর জন্ম ১৯৭৮ সালে হলেও ১৯৯১ সাল থেকে আমরা নিয়মিত প্রতি শুক্রবার স্টুডিও থিয়েটার করছি। বরিশালের থিয়েটারকর্মী থেকে শুরু করে স্বনামধন্য ব্যক্তিরাও শব্দাবলী থিয়েটারকে এক নামে চেনেন। দেশের বাইরেও আমরা প্রচুর প্রদর্শনী করেছি।
ভালোবাসি বরিশাল...
আমি মনেপ্রাণে বরিশাইল্যা। বরিশাল ছেড়ে হয়তো ঢাকার নাটকের দলে যোগ দিতে পারতাম। কিন্তু বরিশালের মায়া ছাড়তে পারি না।
সিসিমপুরের গুণী ময়রা...
‘১২৩ সিসিমপুর’ অনুষ্ঠানের গুণী ময়রা চরিত্রে অভিনয় করছি অনেক দিন হলো। কাজটি করে খুব তৃপ্তি পাই। বাচ্চারা আমাকে ‘গুণী ময়রা’ বলে ডাকে। আরেকটি জিনিস ভালো লাগে, ‘আমি তোমাকে শেখাচ্ছি’ বলে ‘১২৩ সিসিমপুর’ কখনো কিছু শেখায় না, খেলায় খেলায় শেখা হয়ে যায়।
মো. সাইফুল্লাহ