
চঞ্চল চৌধুরী। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তারকা। এই মুহূর্তে ঈদের নাটকে অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত। আজ রাতে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ঘোমটা। নাটকটিতে অভিনয় করেছেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের আজকের সেমিফাইনাল নিয়ে প্রত্যাশা...
হল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা বেশি। তবে ডি মারিয়া যদি থাকত, তাহলে আরও ভালো হতো। আর্জেন্টিনা দল অনেক বেশি মেসিনির্ভর। মেসি জ্বলে উঠলে তো কথাই নেই। আর্জেন্টিনার আগের রেকর্ডগুলোও কিন্তু যথেষ্ট ভালো। আমি তো মনে করি আর্জেন্টিনার জেতার সম্ভাবনা বেশি।
যখন থেকে আর্জেন্টিনা দলের খেলা দেখি...
সেই ছোটবেলা থেকে আমি ম্যারাডোনার ভক্ত। এখন মেসির খেলা দারুণ লাগে! মেসির খেলায় আলাদা কৌশল আছে, যা বিশ্বের অন্য কোনো খেলোয়াড়ের নেই। এর পাশাপাশি ব্রাজিলের নেইমারের খেলাও ভালো লাগে। পাবনার সুজানগরের কামারহাট এলাকায় আমাদের বাড়ি। আমাদের বাড়িতে তখন টিভি ছিল না; চেয়ারম্যানের বাড়িতে গিয়ে খেলা দেখতাম। মনে আছে, উঠানে খড়ের ওপর বসে রাত জেগে খেলা দেখতাম। ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার ভক্ত হয়ে যাই।
‘ঘোমটা’...
পারিবারিক সমস্যা নিয়ে নাটকটির গল্প। পরিবারের সদস্যদের মধ্যকার জটিলতা নাটকে তুলে ধরা হয়েছে।
এ সময়ের মিডিয়া...
আমাদের মিডিয়াতে এখন কোনো সিস্টেম নেই। অপেশাদার লোকজনের আনাগোনা বেড়ে গেছে; আছে শিক্ষার অভাবও। তাই ভালো মানের নাটক এবং ভালো অভিনয় দুটোই কমে গেছে।
ঈদের নাটক...
এখন পর্যন্ত ১৫টি নাটকে অভিনয় করেছি। নাটকগুলোর গল্পে তো অবশ্যই ভিন্নতা আছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
ঈদের ছুটি...
এখন পর্যন্ত তেমন কিছুই ভাবছি না। ঢাকায়ই থাকব, বউ-বাচ্চাকে সময় দেব। ঘুমিয়ে কাটিয়ে দেব। আশপাশে কোথাও বেড়ানো হবে।
বিনোদন প্রতিবেদক