'আমি যেখানে তুমি সেখানে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের ফাঁকে আচল ও শুভর খুনসুটি
শুটিংয়ের ফাঁকে আচল ও শুভর খুনসুটি

চিত্রনায়ক জসিম ফ্লোরের মুল স্টুডিও দরজায় উঁকি দিতেই ধাক্কা খেলাম। ট্রাকস্ট্যান্ডে ঢুকে পড়লাম নাকি! আস্ত বড় বড় কাভার্ড ভ্যান, ট্রাক ছড়ানো-ছিটানো ফ্লোরজুড়ে। ফ্লোরের আরও ভেতরে ‘ক্যামেরা, অ্যাকশন, ওকে, কাট’ শুনেই ভুল ভাঙল। আসল ঘটনা খুলে বললেন পরিচালক আশিকুর রহমান। ‘এটি হলো ছবির ভিলেন মিশা সওদাগরের আস্তানা। কিস্তিমাৎ ছবির কিছু অংশের কাজ বাকি ছিল। ভিলেনের এই আস্তানায় কাজের মধ্য দিয়েই তা শেষ হচ্ছে।’ কথাগুলো বলেই সহকারীকে হাঁক দিলেন ছবির নায়ক-নায়িকা শুভ ও আঁচলকে ডাকার জন্য। ‘সময় কম, তাড়াতাড়ি দুজনকে ডাক।’ ‘সবাই প্রস্তুত আছেন। পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবেন।’ বললেন সহকারী। এর ফাঁকে মিশা সওদাগর শিল্পী সমিতির দিকে রওনা হলেন।
ফ্লোর থেকে বেরোনোর মুখেই আঁচল ও শুভর সঙ্গে দেখা। দুজনই তখন একে অপরের সঙ্গে খুনসুটি, দুষ্টুমিতে ব্যস্ত। শুভ অাঁচলকে বললেন, চলো আমরা বাইরে গিয়ে বৃষ্টিতে নাচি, গাই।’ শুনেই আঁচল হাসিতে ফেটে পড়লেন। আঁচলও কম না, হাসি থামিয়ে তিনি বলে বসলেন, চলো, চলো...কোনোই সমস্যা নাই। আমরা বাইরে গিয়ে এইসব কাণ্ড করি আর পরিচালক আমাদের খুঁজে মরুক।’ হা হা হা...আবারও হাসি। বাইরে তখন বৃষ্টি না থাকলেও আকাশজুড়ে মেঘ। সত্যি সত্যিই দুজন হাত ধরাধরি করে বাইরে বেরিয়ে পড়লেন। আমরা পিছু নিই তাঁদের। প্রযোজক সমিতির সামনে দুজন দাঁড়িয়ে ‘আমি যেখানে তুমি সেখানেই...’ নাচের ভঙ্গিতে শুভ জনপ্রিয় এ গানটি গাইতে শুরু করলেন। এই কাণ্ড-কারখানার মধ্যে হাসতে হাসতে আঁচলের দম বন্ধ হওয়ার উপক্রম। এর মধ্যে ইউনিটের একজন এসে জানালেন, তাঁদের দুজনকে পরিচালক খুঁজছেন। শুনে দুজনই ষ্টুডিওর দিকে দে দৌড়।

দৃশ্য দুই
৭ নম্বর স্টুডিওর সামনে দেখা মিলল পরিচালক শাফি উদ্দিন শাফির। আমাদের দেখে ফোন রেখে কুশল বিনিময় করলেন তিনি। জানালেন, গতকাল বান্দরবান থেকে হানিমুন ছবির কাজ শেষ করে ফিরেছেন। বললেন, হানিমুন ছবির একটা আইটেম গান বাকি আছে। আজ গানটি ধারণ করব। ৮ নম্বর ফ্লোরে সেট ফেলা হয়েছে। আমরা জানতে চাইলাম, কবে মুক্তি পাবে ছবিটি? বললেন, ‘এই রোজার ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়।’ কথাবার্তা শেষ করে ওই ফ্লোরের দিকে হাঁটা ধরলেন তিনি।
বর্ষার আকাশ—এই মেঘ, এই বৃষ্টি। কখন জানি আবার বৃষ্টি আসে!