
ন্যান্সি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শকদের ভোটে চারবার সেরা সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি।
আপনি এখন কোথায়?
ময়মনসিংয়ে, শ্বশুরবাড়িতে। সুযোগ পেলে নেত্রকোনার বাড়িতেও যাই।
সম্প্রতি বলেছিলেন আপনি হয়রানি আতঙ্কে আছেন...
গত ২১ অক্টোবর ফেসবুকে পোস্ট করা আমার একটি স্ট্যাটাস নিয়ে অনেক হয়রানি হলো। গভীর রাতে আমার নেত্রকোনার বাসায় পুলিশ আসে। বিভিন্ন মহল থেকে হুমকি এসেছে। শেষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছি। এরপর আর হয়রানি হয়নি।
আপনি একজন সংগীতশিল্পী। ফেসবুকে রাজনৈতিক স্ট্যাটাস দিলেন কেন?
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য সবার মতো আমিও ভাবি। সবাই নানা ধরনের স্ট্যাটাস দেন। বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য শোনার পর আমি শুধু আমার মতামত প্রকাশ করেছি।
আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন?
আমার মা জাসাসের সঙ্গে যুক্ত ছিলেন। আমিও জাতীয়তাবাদী আদর্শ পছন্দ করি। দলের প্রতি সমর্থন আছে। দলের কোথাও আমার কোনো পদ নেই।
ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে?
আমি যে বাংলাদেশে কোনোদিন শিল্পী হিসেবে পরিচিতি পাব, এটাই তো কখনো ভাবিনি। গান করতাম, একসময় দর্শক-শ্রোতাদের ভালোবাসায় শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছি। আমি আজ ন্যান্সি হয়েছি সবার ভালোবাসায়। ভবিষ্যতে যদি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পরিস্থিতি কিংবা ক্ষেত্র তৈরি হয়, তাহলে অবশ্যই যোগ দেব।
সংবাদ সম্মেলন এবং পরে বেগম খালেদা জিয়ার কাছে আপনার যাওয়া নিয়ে জাসাসে মতবিরোধ তৈরি হয়। এ ব্যাপারে আপনার মতামত কী?
আমি ভুক্তভোগী, তাই আমি সংবাদমাধ্যমের কাছে সহযোগিতা চেয়েছি। সেখানে অনেকের মতো জাসাসের কয়েকজন নেতা এসেছিলেন। তা দেখে অনেকেই হয়তো মনে করছেন, আমি তাঁদের দাওয়াত দিয়ে এনেছি। আমি কিন্তু কাউকে দাওয়াত দিইনি। এই সংবাদ সম্মেলন কোনো দলীয় পরিচয়ে করিনি।
রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অনেক শিল্পীরই শিল্পীজীবন নানাভাবে ব্যাহত হয়। হুমকির সম্মুখীনও হতে হয়।...
এটা সত্যি। এবার তো আমিই তার শিকার হয়েছি। আমাদের পাশের দেশের অনেক শিল্পীই রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা নিজেদের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করেন। আমাদের দেশেও কবরী, আসাদুজ্জামান নূর, মমতাজ, তারানা হালিমসহ আরও অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বিষয়টি সহজ করে দেখলেই হয়।
মনজুর কাদের