'আমিরই সেরা' বললেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ-আমির
শাহরুখ-আমির

দিন কয়েক আগে আমির, সালমান ও শাহরুখ এই তিন খানের মধ্যে সবচেয়ে বড় তারকা কে জানতে চাইলে সালমানকে তাঁর চেয়েও বড় তারকা বলেছিলেন আমির খান। সালমানের প্রশংসায় পঞ্চমুখ হলেও শাহরুখকে নিয়ে মন্তব্য করেননি আমির। কিন্তু সম্প্রতি উদারতার পরিচয় দিয়ে আমিরকে ভারতের সেরা অভিনয়শিল্পী বলে স্বীকৃতি দিয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ।
এ প্রসঙ্গে শাহরুখের ভাষ্য, ‘আমির খান আমাদের দেশের সবচেয়ে ভালো অভিনয়শিল্পী। বরাবরই তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। সব সময় তাঁর কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি আমরা। তাঁর শারীরিক ও মানসিক শক্তির কোনো তুলনা হয় না। সত্যিই তাঁর কাজ আমার অনেক ভালো লাগে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।

শাহরুখ আরও বলেন, ‘আমির ‘‘ধুম ৩’’ ছবিতে চরিত্রের প্রয়োজনে তাঁর শারীরিক অবয়বে যে ধরনের পরিবর্তন এনেছেন তা কেবল তাঁর মতো নিবেদিতপ্রাণ একজন অভিনেতার পক্ষেই সম্ভব। ছবিটির একটি দৃশ্যে দড়িতে ঝুলে যে ধরনের শারীরিক কসরত তিনি দেখিয়েছেন তা দেখে তাঁকে দক্ষ ক্রীড়াবিদ বলেই মনে হয়েছে। এমন কঠিন দৃশ্য এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলার বিষয়টি এক কথায় অসাধারণ। সত্যিই তাঁর কাজ দেখে অনেক কিছু শেখার আছে।’

‘ধুম ৩’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ক্যারিয়ারের শুরুর দিকে ‘ডর’, ‘বাজিগর’ এবং ‘আনজাম’ ছবিতে খল চরিত্রে অভিনয় করলেও, অনেক দিন এ ধরনের চরিত্রে দেখা যায়নি শাহরুখকে।

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘অনেক দিন হয়ে গেল এ ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি আমার। যদিও ‘‘ডন’’ সিরিজের ছবিতে খল চরিত্রে অভিনয় করেছি। কিন্তু ডন চরিত্রটিকে সেই অর্থে নেতিবাচক বলা যায় না। আবারও খল চরিত্রে অভিনয় করতে চাই আমি। এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে সানন্দেই রাজি হয়ে যাব। তবে সে ক্ষেত্রে ছবির ব্যবসায়িক সাফল্য হুমকির মুখে পড়তে পারে। ১০০ কিংবা ২০০ কোটির ক্লাবে হয়তো ঠাঁই পাবে না ছবিটি।’

প্রসঙ্গত, সবচেয়ে বড় তারকা কে? সম্প্রতি আমির খানকে এমন প্রশ্ন করলে জবাবে আমির বলেছিলেন, ‘সবচেয়ে বড় তারকা হিসেবে নিজের নামটি বলতে পারি। প্রতিদ্বন্দ্বিতাকে আমি ইতিবাচক চোখেই দেখি। তবে আমার ভাবনার সঙ্গে সবার তো মিল নাও থাকতে পারে। অন্যের অভিনয় দেখে মাঝেমধ্যে মুগ্ধ হয়ে ভাবি, সে কীভাবে এত ভালো অভিনয় করতে পারে! আমি কীভাবে আরও ভালো অভিনয় করতে পারব তা নিয়েও ভাবি।’  

আমির আরও বলেছিলেন, ‘“মুন্নাভাই এমবিবিএস” দেখে সঞ্জয় দত্তের অভিনয় যেমন অসাধারণ লাগে, তেমনি রণবীর কাপুরের “বরফি” আমাকে মুগ্ধ করে। তবে যখন “দাবাং” দেখি, তখন আমার বন্ধু সালমানের অভিনয় আমাকে মুগ্ধ করে। আমার চেয়ে সালমান নিঃসন্দেহে বড় তারকা। অভিনয় করতে তার যেন কিছুই করতে হয় না। তার মধ্যে যেন তারকাখ্যাতি ভরপুর। সালমানের অভিনয়ে সামান্য বেল্ট নাড়ানো কিংবা চশমা ঠিক করার স্টাইলই দর্শকের মনোরঞ্জনের জন্য যথেষ্ট।’ সালমানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বলেও জানিয়েছিলেন আমির।