দৃশ্য-একচার নম্বর ফ্লোরের সামনের রাস্তায় র্যাবের গাড়ি দাঁড়ানো। সত্যি সত্যি র্যাব, নাকি শুটিংয়ের! একটু খটকা লাগল। কাছে যেতেই সবার কাঁধে অবিকল অস্ত্র দেখে আর সন্দেহ নেই। হ্যাঁ, সত্যিই র্যাবের গাড়ি। কিন্তু কী কারণে এখানে গাড়িভর্তি র্যাব এসেছে, সেটি বোঝা গেল না। ফ্লোরের দরজার মুখে কিছু মানুষের আনাগোনা। কেউ কেউ আবার গ্রিনরুমে উঁকি মারছেন। ওই দলে যোগ দিলাম আমিও। দেখি, নায়ক জায়েদ খানের সঙ্গে নতুন প্রজন্মের দুই নায়িকা সিনথিয়া ও শাম্মী। বসে তাঁরা একে অপরের সঙ্গে দুষ্টুমি করছেন। তাঁদের সবার পরনে লাল রঙের পোশাক। জায়েদ খানের কথায় এতক্ষণে র্যাবসংক্রান্ত খটকা কাটল। ‘বাইরে র্যাব দেখলেন না? তাদেরই কাজ করছি আমরা তিনজন। আজ সন্ধ্যায় র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমরা তিনজন বিভিন্ন কোলাজ গানে নাচব। চলচ্চিত্রের জনপ্রিয় পাঁচটি গান ও একটি দেশের গান থেকে কোলাজ করা হয়েছে। সারা দিন মহড়া করলাম।’ এর মধ্যে শাম্মী বসলেন আয়নার সামনে। দুষ্টুমিভরা কণ্ঠে জায়েদ শাম্মীকে বললেন, ‘আয়নায় চেহারা দেখে কী হবে। মহড়ার সময় নাচের মুদ্রা ভুল করে তো অস্থির করে দিলে।’ এবার শাম্মীর পক্ষ নিয়ে তেলে-বেগুনে জ্বলে উঠলেন সিনথিয়া। ‘না, না জায়েদ ভাই, মহড়ার সময় আপনিই অসংখ্যবার মুদ্রা ভুল করেছেন। এখন আবার সাধু সাজছেন!’—তাঁর কথায় সবারই হো হো হাসি। হাসি থামিয়ে বললেন সিনথিয়া, ‘প্রথম এ ধরনের অনুষ্ঠানে নাচ করছি। আল্লাহই জানে, মঞ্চে উঠে কী যে হয়!’ গ্রিনরুম থেকে বেরিয়ে তিনজনই এরপর দাঁড়ালেন ফ্লোরের সামনের রাস্তায়। জায়েদ খান জানালেন, সিনথিয়া ও শাম্মী দুজনেই তাঁর সঙ্গে তোকে ভালোবাসতেই হবে ও জটিল বন্ধন ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন। সিনথিয়া ততক্ষণে হাসি দিয়ে বললেন, ‘জায়েদ ভাই, চলেন আমরা দুজন আমাদের ছবির গানের সঙ্গে নাচি।’ সঙ্গে সঙ্গে শাম্মীর বায়না, ‘না, জায়েদ ভাই আমার নায়ক, আমার সঙ্গে নাচবে।’ সিনথিয়া ও শাম্মী দুজনই জায়েদ খানের হাত ধরে টানছেন। দুষ্টুমি থামে না তখনো।দৃশ্য- দুইমান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে একদল মানুষ। তাদের দৃষ্টি কমপ্লেক্সের ভেতরে। কমপ্লেক্সের বারান্দার ফ্লোরে শুটিং চলছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন দুজন। কিন্তু বারান্দা কাচের দেয়ালে ঘেরা থাকার কারণে বাইরে থেকে বোঝা যাচ্ছে না স্পষ্ট। কমপ্লেক্সের ভেতরে ঢুকতেই দেখি, ওই দুজন আর কেউ নন—আহমেদ শরীফ ও সম্রাট। ক্যামেরার সামনে আহমেদ শরীফ সম্রাটকে বলছেন, ‘বাবা তুমি এসেছ, আমি খুব খুশি হয়েছি। তুমি আমার মেয়েকে দেখে রেখো।’ কিন্তু এ দৃশ্যের ধারণ ওকে হলো না। ফলে দুজন আবারও প্রস্তুত। কাছের শত্রু ছবির শুটিং হচ্ছে। ক্যামেরা চলছে। সঙ্গে সংলাপও। এবার দৃশ্য ওকে হলো। কথা হলো পরিচালক এম এ আউয়ালের সঙ্গে। দৃশ্যটি সম্পর্কে তিনি বললেন, ‘আহমেদ শরীফ অন্ধকার জগতের মানুষ। তাঁর মেয়ে রোমানার সঙ্গে সম্পর্ক হয় সম্রাটের। আহমেদ শরীফ বিষয়টি মেনে নেন না। একসময় বাড়ি থেকে বের হয়ে সম্রাটের ঘরে গিয়ে ওঠে রোমানা। পরে ভুল স্বীকার করে আহমেদ শরীফ নিজেই সম্রাটকে ডেকে নেন—পুরো দৃশ্যটি এমন।’