
সজল। ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনয়শিল্পী। ইদানীং চলচ্চিত্রে অভিনয় করছেন। কাজ করছেন তন্ময় তানসেন পরিচালিত রান আউট ছবির। আজ চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবি ফলাফল সুন্দর একটা বউ। এতে অভিনয় করেছেন সজল
‘রান আউট’...
গত বছর ফেব্রুয়ারিতে আমরা ছবিটির শুটিং শুরু করি। রান আউট ছবিতে সময়কে ধরার চেষ্টা করা হয়েছে। তাই ছবির শুটিংও করতে হচ্ছে সময় নিয়ে। ছবিতে আমার সহশিল্পী মৌসুমী নাগ ও স্বর্ণা।
‘রান আউট’ ছবিতে আমি...
রান আউট ছবিতে আমার চরিত্রের নাম কিশোর। খুব সাধারণ একজন ছেলে। চাকরি করি। হঠাৎ এক দুর্ঘটনার মধ্য দিয়ে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ি। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
বড় পর্দার জন্য প্রস্তুতি...
বড় পর্দার জন্য দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, নাচ আর ফাইট। কিছুদিন ধরে আমি এসবের প্রশিক্ষণ নিচ্ছি। আরও তিনটি ছবিতে অভিনয়ের কথা হয়েছে। আমার জন্য এটি বড় খবর।
ছোট পর্দায় আমি...
আমার অসম্ভব ভালো লাগার জায়গা হলো ছোট পর্দা। আর এটাই আমাকে মানুষের কাছে সজল হিসেবে পরিচিত করেছে। ছোট পর্দায় আমি এক ঘণ্টার নাটক নিয়ে ব্যস্ত ছিলাম। ধারাবাহিক নাটক খুব একটা করা হতো না। সামনেও সেভাবেই চলবে। পয়লা বৈশাখে একটি নাটকে অভিনয় করব।
‘ফলাফল সুন্দর একটা বউ’...
মাস দুয়েক আগে টেলিছবিটির শুটিং করেছিলাম। গল্পটা সুন্দর। দর্শকদের অনেক ভালো লাগবে।
নিজের বউয়ের খবর...
এখনই বিয়ে নিয়ে ভাবছি না। বাসা থেকেও চাপ নেই। প্রেম-ভালোবাসা আর বিয়ে নিয়ে আসলে কিছুই বলা সম্ভব না। সময়ই সব বলে দেবে।
বিনোদন প্রতিবেদক