‘আরজ চরিতামৃত’ নাটকের ৫০তম প্রদর্শনী আজ
নাট্যকেন্দ্রের আরজ চরিতামৃত নাটকের সুবর্ণজয়ন্তী প্রদর্শনী হবে আজ। ধর্মান্ধতা আর কুসংস্কারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন স্বশিক্ষিত দার্শনিক কৃষক আরজ আলী মাতুব্বর। তাঁর জীবন নিয়ে নাটকটি লিখেছেন মাসুম রেজা আর নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির সুবর্ণজয়ন্তী প্রদর্শনী হবে আজ সন্ধ্যা সাতটায়।নাট্যকেন্দ্রের প্রধান সম্পাদক তারিক আনাম খান জানান, আরজ চরিতামৃত নাটকের সুবর্ণজয়ন্তী প্রদর্শনী উপলক্ষে আজ বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে; বিষয় ‘চিন্তার স্বাধীনতা—বর্তমান বাংলাদেশ’। আরজ চরিতামৃত নাটকটি নাট্যকেন্দ্র প্রথম মঞ্চে আনে ১৯৯৯ সালে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে মিসর ও ভারতে মঞ্চস্থ হয়েছে নাটকটি। এতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, অবিদ রেহান, তারিক, ইকবাল বাবু, সংগীতা প্রমুখ।