
বেশির ভাগ শিল্পীর পরনে লাল পাঞ্জাবি আর লালপেড়ে শাড়ি। চারিদিকে যেন লালের জয়জয়কার। যে বিষয়কে কেন্দ্র করে এই আয়োজন তার স্লোগান হচ্ছে ‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’। এটি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের লেখা গানের চরণ। গতকাল বুধবার বিকেলে এমন পরিবেশে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৬ বছরপূর্তি অনুষ্ঠান।
১৯৬৮ সালে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাংলার মানুষ। উঁকি মারছে একটি কালজয়ী গণ-অভ্যুত্থান। এমনি সময় সত্যেন সেনের নেতৃত্বে ২৯ অক্টোবর ঢাকায় ‘উদীচী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু। শিল্পী-সংগ্রামী সত্যেন সেন এবং সাহিত্যিক-সাংবাদিক রণেশ দাশগুপ্তসহ কয়েকজন প্রগতিশীল অসাম্প্রদায়িক ভাবধারার মানুষ মিলে গড়ে তুলেছিলেন এই সাংস্কৃতিক সংগঠন। সেই সংগঠন শত বাধাবিপত্তি ডিঙিয়ে পেরিয়ে এসেছে ৪৫টি বছর। একটি আন্দোলনের নাম হয়ে ওঠা এই উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান তাই হয়ে উঠেছে এক মিলনমেলায়।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনের বাইরে স্থাপিত অস্থায়ী মঞ্চে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এ সময় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ এবং উদীচীর বর্তমান সভাপতি কামাল লোহানী। আরও দুটি দলীয় সংগীতের পর সমবেতরা চলে যান মিলনায়তনে। মঞ্চে প্রস্তুত প্রদীপ, সেখানে আলো জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর আলোচনা সভা। কামাল লোহানীর সভাপতিত্বে শুরুতে সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। শুভেচ্ছা বক্তব্য দেন উদীচীর সহসভাপতি শিবাণী ভট্টাচার্য্য। আলোচনা করেন উদীচীর উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ, সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ, মাহমুদ সেলিম, রেজাউল করিম সিদ্দিক রানা, হাবিবুল আলম প্রমুখ। এ পর্বটি পরিচালনা করেন জামসেদ আনোয়ার।
এরপর উদীচীর সত্যেন সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রকাশিত সত্যেন সেন স্মারকগ্রন্থ-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্মারকগ্রন্থের সম্পাদনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন উদীচীর সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এরপর উদীচীর সভাপতি কামাল লোহানী আনুষ্ঠানিকভাবে উদীচীর ওয়েবসাইটটির নবযাত্রার সূচনা করেন। ওয়েবসাইটটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন কংকন নাগ।
সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা শুরু হয় উদীচীর সংগঠনবিষয়ক সম্পাদক সংগীতা ইমামের সঞ্চালনায়। শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। তাঁদের পরিবেশনায় ছিল, ‘পুরানো দিন পুরানো ক্ষণ’, ‘অধিকার কে কাকে দেয়’ ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’, ‘মারো জোয়ান হেইয়া হো, মারো কষে টান’, প্রভৃতি গান। এরপর দলীয় পরিবেশনা নিয়ে মঞ্চে আসে ‘সমগীত’। একক কণ্ঠে গান শোনান তাজিম সুলতানা ও সেলিম রেজা। বেলায়েত হোসেনের আবৃত্তি পরিবেশন শেষে আবারও একক গান নিয়ে মঞ্চে উপস্থিত হন উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম। অনিক বসুর নৃত্য পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে ‘স্পন্দন’। এরপর উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি। একক নৃত্য পরিবেশন করেন দীপা সরকার।