
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৩ নম্বর মহড়াকক্ষের এক কোণে বসে আছেন শিমূল ইউসুফ। ঘরের বিভিন্ন জায়গায় লম্বালম্বি কয়েকটি বাক্স দাঁড় করানো। এই সামান্য কয়েকটি বাক্স দিয়েই করা হয়েছে মঞ্চ পরিকল্পনা। মহড়া তখনো শুরু হয়নি। এষা ইউসুফ ছোটাছুটি করছেন ব্যস্তভাবে। ওদিকে আমাদের চোখ তখন খুঁজে ফিরছে নাটকের নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে। মহড়াকক্ষে তখনো এসে পৌঁছাননি তিনি। এ নাটকের মঞ্চ পরিকল্পনা তাঁর। তবে আমরা তখনো জানি না, একটু পরেই লম্বালম্বি দাঁড়ানো বাক্সগুলো কখনো হয়ে উঠবে কফিন, কখনো বা সমুদ্রপাশের বসার স্থান—অভিনয়শিল্পীদের মতো সচল, জীবন্ত।
১০ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা। ঢাকা থিয়েটারের নতুন নাটক আউটসাইডার-এর মহড়া শুরু হয়ে গেল। নীল প্যান্ট ও সাদা শার্ট পরা এক যুবককে দেখলাম আমরা। এই যুবকটি নিশ্চয় আলবেয়ার কামুর সেই আগন্তুক, যার নাম ম্যারসল। সদ্য মৃত মায়ের শেষকৃত্যে যোগ দিতে এসে ম্যারসল বর্ণনা করে চলেছে তার জীবনের নানা ঘটনা। একসময় সে বলে চলে এক সুদর্শনার সঙ্গে তার প্রেমকাহিনি। এ সময় নাটকে দেখা গেল মিরর গেম—ম্যারসল ও তার প্রতিবিম্বকে একই সঙ্গে দেখলাম আমরা। দুজনই সংলাপ আউড়ে চলেছে একই সঙ্গে। সে এক রুদ্ধশ্বাস দৃশ্য!
হঠাৎ শিমূল ইউসুফের গলা, একজনকে বললেন, ‘হাসনাত, তুই অভিনয় করতে দাঁড়িয়ে একটু প্রতিবিম্বকে দেখবি না?’ বোঝা গেল, ঘরের এক কোণে বসে থাকলেও মঞ্চকুসুমের চোখ সদা সচল। ততক্ষণে তরুণ ম্যারসলের ভূমিকায় অভিনয় করা হাসনাত নিজের ভুল শুধরে মঞ্চ কাঁপাচ্ছে নতুন উদ্যমে, ‘একদিন নিজেই নিজের মুখোমুখি দাঁড়াই।/কী হয়েছে আমার?...’—এভাবে মিরর গেম পেরিয়ে তরুণ ম্যারসলকে সুদর্শনা যখন বলল, ‘আমি তাকেই দেব ধরা যে করতে পারে আমার জন্য সব। পারবে কি তুমি?’
আমাদের তখন প্রতীক্ষা, ম্যারসলকে কী করতে বলবে সুদর্শনা?
‘সুদর্শনা: নিয়ে এসো তোমার মায়ের হূৎপিণ্ড।’
এরপর ম্যারসল গেল মায়ের কাছে। মায়ের হূৎপিণ্ড নিয়ে প্রেয়সীর কাছে যাওয়ার মুহূর্তে হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল সে। এ সময় মায়ের উৎকণ্ঠিত কণ্ঠ, ‘খোকা, ব্যথা লাগেনি তো তোর?’
ফরাসি লেখক আলবেয়ার কামুর বিখ্যাত উপন্যাস আউটসাইডার অবলম্বনে একই শিরোনামের নাটকের এ দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে, রূপকথায় এমন ঘটনা তো পড়েছি, তবে কি উপন্যাসটিকে আবহমান গল্পগাথার সঙ্গে মিলিয়ে রূপান্তর করা হয়েছে?
হ্যাঁ পাঠক, আপনি ঠিকই ধরেছেন। ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে-মিশিয়ে বাংলাদেশের বর্তমান বাস্তবতাও উঠে এসেছে ঢাকা থিয়েটারের এ প্রযোজনায়। আউটসাইডার-এর রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ। সংগীত ও পোশাক পরিকল্পনা শিমূল ইউসুফ।
ততক্ষণে নাটকের নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে দেখা গেল মহড়াকক্ষে। তাঁকে পেয়ে নতুন উদ্যম কুশীলবদের মধ্যে। ‘এই, মিউজিক কিউ দাও।’ নির্দেশকের এ কথার পর প্রথম থেকে আবার নতুন করে শুরু হলো মহড়া।
একটি চেয়ারে বসে আছেন নির্দেশক। তাঁর কপালে ভাঁজ। একসময় ম্যারসল চরিত্রের অভিনেতা রফিককে বললেন, ‘আরও কোনায় যাবে, দুই ফিট দূরে...আরেকটু ব্যাক, এবার সেন্টার নাও।’—এমন আরও কত নির্দেশনা! বর্ণনাত্মক নাট্যরীতির কৌশলে মুহূর্তে মূর্ত হচ্ছে দৃশ্যের পর দৃশ্য। নির্দেশকের সচকিত দৃষ্টিও ঘুরছে মহড়াকক্ষের চারপাশ। এর মধ্যে মহড়াকক্ষে এলেন শিল্পী ঢালী আল মামুন ও দিলারা বেগম জলি। নিঃশব্দে মহড়া দেখছেন তাঁরা।
মহড়া চলাকালে নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বারবার হাত ইশারায় অভিনয়শিল্পীদের বুঝিয়ে দিচ্ছেন কোথায় দাঁড়াতে হবে—এ যেন শিল্পীর শেষ তুলির আঁচড়। কারণ, আগামীকাল ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হবে নাটকের প্রেস শো। তাই শেষ তুলি বোলানোর তো এখনই মোক্ষম সময়।