'আর্কাইভ একাধারে সংগ্রহশালা ও সংরক্ষণাগার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শওকত ওসমান মিলনায়তন প্রাঙ্গণে প্রদর্শনীর পোস্টার দেখছেন একজন দর্শক। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শওকত ওসমান মিলনায়তন প্রাঙ্গণে প্রদর্শনীর পোস্টার দেখছেন একজন দর্শক। ছবি: আবদুস সালাম

‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ‘ধীরে বহে মেঘনা’, ‘ময়নামতি’, ‘কসাই’, ‘এপার ওপার’, ‘অন্তরঙ্গ’, ‘জীবন নৌকা’, ‘আবির্ভাব’, ‘যখন বৃষ্টি এল’সহ বহু সিনেমার পোস্টারে সেজেছে পাবলিক লাইব্রেরি চত্বর। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাবলিক লাইব্রেরি চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপরে ছিল আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমদ। বিশেষ অতিথি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পেয়ারী বেগম ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। শুভেচ্ছা বক্তব্য দেন সুরকার আজাদ রহমান ও অভিনেত্রী মিরানা জামান।
অনুষ্ঠানে ব্যান্ড বাদ্যের তালে তালে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয় অভিনেত্রী পেয়ারী বেগমকে। তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে দেশের প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। প্রথম সবকিছুর যে একটি আলাদা মূল্য আছে তা আজ বুঝলাম। সেই প্রথম কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। গর্ব হচ্ছে আজ এখানে আসতে পেরে। “মুখ ও মুখোশ”-এ যখন অভিনয় করি, তখন ইডেন কলেজে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলাম। বুঝিনি যে কীভাবে একটি সিনেমা হবে আর কীভাবে সেটা দেখানো হবে।’
অনুষ্ঠানে আলোচক ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির আহ্বায়ক দেলোয়ার হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র ব্যক্তিত্ব মানজারে হাসীন মুরাদ। সুরকার আজাদ রহমান চলচ্চিত্র সম্পর্কে বলেন, ‘চলচ্চিত্র শুধু কাহিনি তুলে ধরে না। সমাজ, দেশ ও মানুষের কথা বলে। এজন্য তা সংরক্ষণ করাও জরুরি।’
যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও তথ্য মন্ত্রণালয়। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের বাইরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনের পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পাকিস্তান আমলে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল। বাংলাদেশ পুনর্গঠনের পর ধীরে ধীরে আমরা সংস্কৃতিকেও পুনর্গঠন করি। অতীতকে সংরক্ষণ মানে নিজস্বতাকে ও শিকড়কে সংরক্ষণ করা। জঙ্গিরা সর্বদাই শিকড়কে কাটতে চায়। আমরা যারা মানুষ, তারা শিকড়কে সংরক্ষণ করব।’
তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, ‘আর্কাইভটিকে উন্নত সংরক্ষণাগার ও সংগ্রহশালা হিসেবে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি জাদুঘর ও গ্রন্থাগার স্থাপন করার প্রচেষ্টা চলছে।’ মানজারে হাসিন মুরাদ ফিল্ম আর্কাইভ উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তিতে পুরোনো চলচ্চিত্র পুনরুদ্ধারের প্রস্তাব করেন। এ ছাড়া জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে দেশের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ সময়ের ফুটেজ সংগ্রহ করে সেগুলো উন্নত ডিজিটাল সংস্করণ তৈরির আহ্বান জানান তিনি। আলোচনা শেষে মিলনায়তনে ‘সূর্যস্নান’ ও ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবি দুটি দেখানো হয়।