শীতের বিকেল। তাই সন্ধ্যা হতে খুব বেশি সময় নেয় না। নিবু নিবু সন্ধ্যায় মোমের আলো দিয়ে আলোকিত চারপাশ। ছোট-বড় সবাই মোমবাতি জ্বালিয়ে শহীদ মিনারের পাদদেশে একের পর এক সাজিয়ে দিচ্ছে। এই আলো জ্বালানো হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ অনুষ্ঠানের আয়োজন করে নারীপক্ষ। মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য: ‘সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে।’অনুষ্ঠানে সংগীত সংগঠন সুরতীর্থের শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি। এর পরে অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন মনীষা মজুমদার।শারমিন সাথী ইসলাম গেয়ে শোনান ‘জয় হোক জয় হোক’। এ ছাড়া ছিল ‘ছোটদের বড়দের সকলের’ ও ‘এমন মানব জনম আর কী হবে’ গান দুটির পরিবেশনা। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া স্মৃতিচারণা করেন লায়লা বানু, সাফিনা লোহানী ও মোজাহেরুল হক। হেমাঙ্গ বিশ্বাসকে স্মরণহেমাঙ্গ বিশ্বাস প্রতিবাদী এক লড়াকুর নাম। যিনি সুর ও কণ্ঠকে শাণিত করেছেন বিপ্লবের হাতিয়ার হিসেবে। সব অন্যায়-অবিচার আর শ্রমজীবী মানুষের মুক্তির জন্য বেছে নিয়েছেন সংগীতের সুরধারা। তাঁর রাজনৈতিক দর্শন সুরে সুরে প্রোথিত করেছেন মানুষের অন্তরাত্মায়। বিপ্লবী এই শিল্পীর জন্মশততম বর্ষে সুর আর কথামালায় তাঁকে স্মরণ করল সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। একই আয়োজনে হেমাঙ্গ বিশ্বাস সম্মাননা তুলে দেওয়া হয় আরেক সংগ্রামী কামরুদ্দীন আবসারকে।গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সমগীতের এই আয়োজনে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদ ও জোনায়েদ সাকি। আয়োজনে সভাপতিত্ব করেন অমল আকাশ।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই আয়োজনে সংবর্ধিত কামরুদ্দীন আবসার হেমাঙ্গ বিশ্বাসের যোগ্য উত্তরসূরি। তাঁর মধ্যেই আমরা হেমাঙ্গ বিশ্বাসকে দেখতে পাই। হেমাঙ্গ বিশ্বাস কেবল একজন গায়ক ছিলেন না। তিনি ছিলেন সুরকার, সংগীত রচয়িতা, নাট্যনির্মাতা ও ছায়া নাটকের কারিগর। শুধু তা-ই নয়, তিনি আসামে সংস্কৃতির লংমার্চ করেছিলেন, যেখানে অগণিত তরুণ-তরুণীকে তিনি সম্পৃক্ত করতে পেরেছিলেন।’ আলোচনা শেষে অতিথিরা হেমাঙ্গ বিশ্বাসের যোগ্য উত্তরসূরি কামরুদ্দীন আবসারের হাতে সম্মাননা তুলে দেন। দ্বিতীয় পর্বে ছিল হেমাঙ্গ বিশ্বাসের গণসংগীতের পরিবেশনা। এতে দলীয় সংগীত পরিবেশন করেন সমগীত, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, সৃজন ও গায়েনের শিল্পীরা। এ ছাড়া হেমাঙ্গ বিশ্বাসের গানের একক পরিবেশনায় ছিলেন শিল্পী মাহাবুব পিয়াল। ‘বৃন্তবদ্ধ পঞ্চপাপড়ি’বাংলাদেশে এমন আয়োজন বিরল। একই পরিবারের সব সদস্য কণ্ঠশীলন ধ্যানে দীক্ষিত এবং সবাই আবৃত্তি করেন। তাঁদের মধ্যে কেউ কেউ সংগীতচর্চাতেও আত্মনিবেদিত। পরিবারের দুই প্রধান তহমিদ আহমদ ও বিলকিস আহমদ দম্পতি পার করেছেন সত্তর ও পঁয়ষট্টির কোঠা। তাঁদের ছেলে তানভীর তমাল, মেয়ে তানজিনা তমা এবং পুত্রবধূ রুমানা আফরোজ। এই পাঁচজনের কবিতা ও গানের ডালা নিয়ে কণ্ঠশীলনের আয়োজন পঞ্চপাপড়ি অনুষ্ঠিত হলো গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। তাঁদের আবৃত্তির চেয়ে মুখ্য হয়ে উঠেছে একসঙ্গে অনুষ্ঠান করার মানসিকতা। বাবা-মা-ছেলে-মেয়ে-পুত্রবধূ সবাই মিলে একসঙ্গে একটি অনুষ্ঠানে আবৃত্তি করছেন, গান করছেন—এমনটা বেশ দুর্লভ। ‘বিজয় থেকে বিজয়ে’বিজয় দিবস উপলক্ষে পাক্ষিক আনন্দ আলো গতকাল ‘বিজয় থেকে বিজয়ে’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। চ্যানেল আই ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। রন্ধনবিষয়ক বইয়ের প্রকাশনাগত শনিবার রাজধানীর বনানীর মাছরাঙা টেলিভিশন সেন্টারে অনুষ্ঠিত হলো রাঁধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা পায়েস বইয়ের প্রকাশনা উৎসব। স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র বইটির মোড়ক উন্মোচন করেন। উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সহধর্মিণী কবিতা চৌধুরী ও স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বইটির প্রকাশক অঞ্জন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মনিরা চৌধুরী, বিশিষ্ট রন্ধনশিল্পী নাহিদ ওসমান, আলেয়া ওহাব ও বইটির চিত্রগ্রাহক সোহেল রানা।বইটির প্রকাশনা প্রসঙ্গে অঞ্জন চৌধুরী বলেন, ‘নানা বৈচিত্র্যপূর্ণ স্বাদের পিঠা-পায়েস আমাদের যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য। কিন্তু দৈনন্দিনের ব্যস্ততায় পিঠা-পায়েসের এই বৈচিত্র্য আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। ক্রমশ হারিয়ে ফেলা পিঠা-পায়েসের ঐতিহ্য টিকিয়ে রাখতেই আমরা বইটি প্রকাশ করেছি।’উল্লেখ্য, রাঁধুনী পিঠা পায়েস উৎসব ১৪১৭’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেসিপি থেকে বাছাই করা ১২০টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে বইটি। এটি সম্পাদনা করেছেন বাংলাদেশের রন্ধনশিল্পের পথিকৃৎ প্রয়াত অধ্যাপিকা সিদ্দিকা কবীর। বিজ্ঞপ্তি।