‘আল্পনা’র জন্য আট ঘণ্টার কনসার্ট
বেঙ্গল মিউজিক তাদের নতুন অ্যালবাম আল্পনার প্রকাশনা অনুষ্ঠানটি আয়োজন করেছে একটু অন্যভাবে। পয়লা বৈশাখে আয়োজন করা হয়েছে আট ঘণ্টার কনসার্ট। বেঙ্গল মিউজিকের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম জানান, আল্পনা অ্যালবামের প্রকাশনা ও পয়লা বৈশাখ উদযাপন করার জন্যই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকার বটতলায় কনসার্ট শুরু হবে বেলা দুইটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। আল্পনা অ্যালবামের শিল্পীরা হলেন মমতাজ, বাপ্পা মজুমদার, অর্ণব, ফাহমিদা নবী, দীপ্ত, পলাশ, কণা, সিমিন ও জয়। একই অনুষ্ঠানে আরও দুটি অ্যালবামের মোড়ক খোলা হবে। এগুলো হলো শুভর এবং সংসার ও উপলের মিরাকল। বেঙ্গল মিউজিকের অপারেশন ব্যবস্থাপক দীপঙ্কর দাস জানান, এই আল্পনা কনসার্টে গান করবেন অর্ণব, বাংলা, দীপ্ত, পলাশ, কণা, সিমিন, উপল, শুভ ও যুক্তরাজ্যভিত্তিক ব্যান্ড এমসিডি (মাল্টি কালচারাল দেশী)। কনসার্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে রবি।