'আশিকি' মুক্তির অপেক্ষায় ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘"আশিকি" আমার চলচ্চিত্রে প্রথম কাজ। কাজটি করতে গিয়ে সবার কাছ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি, তা বলে শেষ করা যাবে না। প্রতিটি দিনই মনে হয়েছে শুটিং ইউনিটের সবাই আমরা একই পরিবারের সদস্য।’ ছবির নায়িকা নুসরাত ফারিয়া গতকাল সন্ধ্যায় এফডিসির ভিআইপি প্রজেকশন মিলনায়তনে ‘আশিকি’ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। ফারিয়া বলেন, ‘ছবিটি মুক্তির আগে আগে নিজের মধ্যে অন্য রকমের অনুভূতি কাজ করছে। মুক্তি পর্যন্ত আমার অপেক্ষার পালা।’

‘আশিকি’ চলচ্চিত্রের গানের দৃশ্যে অঙ্কুশ ও ফারিয়া।
‘আশিকি’ চলচ্চিত্রের গানের দৃশ্যে অঙ্কুশ ও ফারিয়া।

জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজিত ছবিটির মুক্তির আগে এদিন ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাজ মাল্টিমিডিয়া। অনুষ্ঠানের শুরুতে কলকাতার সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী স্যাভি ‘আশিকি’ ছবির টাইটেল গান ‘তোর আশিকি’ গানটি গেয়ে শোনান।

‘আশিকি’ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌসুমী, ছবিটির নায়িকা নুসরাত ফারিয়া, কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, কণ্ঠশিল্পী কণা এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ ‘আশিকি’ ছবির কলাকুশলীরা।

‘আশিকি’ চলচ্চিত্রের গানের দৃশ্যে অঙ্কুশ ও ফারিয়া।
‘আশিকি’ চলচ্চিত্রের গানের দৃশ্যে অঙ্কুশ ও ফারিয়া।

‘আশিকি’ ছবিতে অঙ্কুশের বোনের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তিনি বলেন, ‘জাজ যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো। বর্তমান চলচ্চিত্রে নায়ক-নায়িকার অভাব। এর মধ্যে নতুন নতুন ছেলেমেয়েদের কাজের সুযোগ করে দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।’

রজতাভ দত্ত বলেন, একটি মিষ্টি প্রেমের ছবি ‘আশিকি’। প্রেক্ষাগৃহে বসে দর্শকের কাছে ছবিটি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
শেষে ‘আশিকি’ ছবির কলাকুশলীরা সবাই মিলে এ ছবির পোস্টার উন্মোচন করেন। এর আগে গিটার বাজিয়ে এক সঙ্গে খালি গলায় ছবির ‘মেয়েদের মন বোঝা’ গানটি গেয়ে শোনান স্যাভি ও কণা।