
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি আশিকি। ভারতের কলকাতায় ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর। আর ঈদের দিন ঢাকায়। প্রথম ছবি আশিকি এখনো মুক্তি পায়নি—এর আগেই ছবির নায়িকা নুসরাত ফারিয়া দারুণ আলোচিত। ছবির দুটি গান ‘তোর আশিকি’ ও ‘মেয়েদের মন বোঝা’ এসেছে ইউটিউবে। গানগুলো দেখে মুগ্ধ দর্শক। প্রশংসিত হচ্ছেন নুসরাত ফারিয়া। যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বলছেন? ‘নতুন ছবি মুক্তি পেলে নাকি ছবির নায়িকা বোরকা পরে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সারিতে বসে সিনেমা দেখতেন। সেই অনুভূতি এখন আমার মধ্যে কাজ করছে। আমিও যাব প্রেক্ষাগৃহে। সবার সঙ্গে বসে ছবি দেখব। খুব আনন্দ হচ্ছে।’
টানা ৩১ দিন স্কটল্যান্ড আর ইংল্যান্ডের বিভিন্ন লোকেশনে আশিকি ছবির শুটিং হয়েছে। নুসরাত ফারিয়া জানান, ‘তোর আশিকি’ গানটির শেষ অন্তরার শুটিং হয়েছে একটি আদালতের মধ্যে। নৃত্য পরিচালক ছিলেন আদিল শেখ। তিনি নাচ বুঝিয়ে দিয়ে মহড়া করতে বললেন। ওদিকে ক্যামেরা চলছে। কখন শট ওকে হলো, টেরই পাননি তিনি।
‘তোর আশিকি’ ও ‘মেয়েদের মন বোঝা’ গান দুটির সাফল্যে দারুণ খুশি ফারিয়া। তিনি বলেন, ‘ছবির সবকটি গানই ভালো হয়েছে। তবে এই দুটি গান থেকে বেশি সাড়া পেয়েছি। মনে হচ্ছে ছবি মুক্তির আগেই আমার জীবন পাল্টে গেছে।’
প্রথম ছবি রোমিও ভার্সেস জুলিয়েট আর এবার আশিকি। দুটি ছবির নায়ক কলকাতার ছেলে অঙ্কুশ। নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বললেন এভাবে, ‘শুটিংয়ের আগে ফারিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। কিন্তু ওর সঙ্গে কাজ করতে এসে আমি তো অবাক! ও চলচ্চিত্রে প্রথম কাজ করছে, একবারও তা মনে হয়নি।’
আশিকি ছবিটি প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘দর্শক প্রেক্ষাগৃহে বসে সুন্দর গল্পের ঝকঝকে একটা সিনেমা দেখতে পারবেন।’
ছবির পরিচালক অশোক পতি। ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, রজতাভ দত্ত, রেবেকা, রাজা প্রমুখ।