'আড়াই ঘণ্টা এমন কী বেশি?' খেপে গিয়ে বললেন রুবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য স্কোয়ার ছবির দৃশ্য
দ্য স্কোয়ার ছবির দৃশ্য

বিচিত্র একটা শব্দ শুনে চোখ তুলে তাকাল নৈশভোজে আসা সুধী সমাবেশ। কোথা থেকে একটা বনমানুষ ঢুকে পড়েছে ঘরে। খালি গা। মুখ দিয়ে জান্তব শব্দ বেরোচ্ছে খানিক পরপর। হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগোচ্ছে সে। সোজা খাবার টেবিলের দিকে। অস্বস্তিতে নড়েচড়ে বসল কয়েকজন। অনেকের চোখে আতঙ্ক। মাঝের দিকের টেবিলের বিশেষ একজনকে কেন যেন পছন্দ হয়ে গেল বনমানুষটার। তার মুখের কাছে গিয়ে দাঁত-মুখ খিঁচাল বিশ্রিভাবে। মানুষটা ‘হাই-হ্যালো’-জাতীয় কিছু বলে প্রথমে আপদ সামাল দিতে চাইল। কিন্তু চিড়ে ভিজল না তাতে। বনমানুষ আচ্ছা করে কান মলে দিল তার। টেবিলের ন্যাপকিন রাখল তার মাথার ওপরে। হাসির একটা রোল উঠল চারদিকে। কিন্তু সেখানেই শেষ হলো না বনমানুষের বদমাইশি। আচমকা টান দিয়ে গ্লাস কেড়ে নিল সে। হচ্ছে কী এসব? হতভম্ব চারপাশের বিশিষ্টজনেরা।
হতভম্ব সালে বেজিন হলের দর্শকেরাও। এমন বিচিত্র স্বাদের মুহূর্তের দেখা তাঁরা খুব কমই পেয়েছেন সিনেমায়।
২৮ মে ৭০তম কান উৎসবের শেষ দিন। প্রতিযোগিতা বিভাগের ছবিগুলো আবারও দেখানো হচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। অন্য সব ছবির সঙ্গে বেলা ১টা ৪৫ মিনিটে শুরু হয়েছে রুবেন ওস্টলান্ডের দ্য স্কোয়ার-এর প্রদর্শনী। ছবি যখন শেষ হয়েছে, উৎসবের পুরস্কার অনুষ্ঠানের মাত্র ঘণ্টা তিনেক বাকি। তখনো কারও জানার কথা নয় কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণ পাম তুলে দেওয়ার জন্য দ্য স্কোয়ার নামের এই সুইডিশ ছবিটিকেই বেছে নিয়েছেন জুরি প্রেসিডেন্ট পেদ্রো আলমোদোভার এবং তাঁর সঙ্গীরা।

রুবেন ওস্টলান্ড–বৃত্তান্ত
রুবেনের জন্ম ১৯৭৪ সালে, সুইডেনে। ইনভলান্টারি (২০০৮) নামের ছবি দিয়ে নির্মাতা হিসেবে আন্তর্জাতিক ছবির দুনিয়ায় খ্যাতির শুরু। নির্মাতা হিসেবে বড় অর্জন কান চলচ্চিত্র উৎসবেই। ২০১৪ সালে আন সাতঁ রিগার্দ বিভাগে পুরস্কার জেতে তাঁর ছবি স্নো থেরাপি। তুষারে ঢাকা আল্পস পর্বতমালায় বেড়াতে যাওয়া এক সুইডিশ দম্পতিকে নিয়ে ছবির গল্প। ছোট্ট একটা বরফধসের ঘটনা যাদের সম্পর্ককে বড় ধরনের পরীক্ষার মধ্যে ফেলে দেয়।
স্নো থেরাপি দেখে মনে হয়েছিল নির্মাতা হিসেবে রুবেনের বড় গুণ তাঁর অতি সূক্ষ্ম এবং নিরপেক্ষ দৃষ্টি। ঘটনার ঘনঘটা, কাহিনির দুর্দান্ত গতি, অভাবনীয় মোচড়—এসব তথাকথিত ‘ফিল্মি’স্টাইল থেকে রুবেন শতহস্ত দূরে।
রুবেনের আগ্রহের বিষয় মানুষের আবেগিক আচরণ। সেসব বিষয়, যেগুলোকে আমরা প্রধানত ‘স্পর্শকাতর’ এবং ‘অস্বস্তিকর’ বলে জানি।
রুবেনের ছবিতে উৎকণ্ঠা আছে। কিন্তু সেটা কোনোভাবেই দ্রুত আসা-যাওয়া করে না। খুব আস্তে-ধীরে পাথরের মতো ভারী হয়ে নেমে আসে তাঁর চরিত্রদের ওপরে। সেই চাপের সঙ্গে কোন ফাঁকে দর্শক এক হয়ে যান, সেটা তিনি নিজেই বুঝতে পারেন না।

সেরা নির্মাতা রুবেন ওস্টলান্ড
সেরা নির্মাতা রুবেন ওস্টলান্ড

ইঙ্গমার বার্গম্যানের এই উত্তরসূরি তাঁর পাম দর বিজয়ী সাম্প্রতিক ছবিতে মেলে ধরেছেন নিজের আরও কিছু বড় গুণ। এর মধ্যে আছে তাঁর অভাবনীয় ব্যঙ্গ বা স্যাটায়ার আর চোখের পলকে দর্শকের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা। দ্য স্কোয়ার ছবির চরিত্র হিসেবে তিনি বেছে নিয়েছেন একজন সম্মানিত আর্ট কিউরেটরকে। আধুনিক চিত্রকলার দুনিয়াকে গভীর বাঁকা দৃষ্টিতে দেখার সাহস তিনি করেছেন অবলীলায়।
প্রায় আড়াই ঘণ্টা দৈর্ঘ্যের ছবি দ্য স্কোয়ার। ছবির দৈর্ঘ্য এত বেশি কেন? সেই আলাপ যখন উঠল ২৮ মে রাতে পুরস্কার অনুষ্ঠান-পরবর্তী আলাপে, এক রকম খেপেই গেলেন রুবেন।
‘আড়াই ঘণ্টা এমন কী বেশি? আমার তো মনে হয় ছবিটা আরও বড় করা দরকার। বাচ্চারা হ্যারি পটারের মতো ছবি দুই-তিন ঘণ্টা ধরে দেখতে পারে আর বড়রা কেন আড়াই ঘণ্টার ছবি দেখতে পারবে না?’ এই তরুণ নির্মাতার উল্টো প্রশ্ন।
‘নির্মাতা হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছবির কনটেন্ট বা মূল আধেয়র দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর অতি অবশ্যই জটিল বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার।’ রুবেন বলেছেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে। মাইকেল হানেকে, টড হেনেস, নওমি কাওয়াসি, লিন রামসে, ফাতিহ একিনের মতো বাঘা বাঘা নির্মাতাকে পেছনে ফেলে স্বর্ণ পাম নিয়েছেন হাতের মুঠোয়। এমন আত্মবিশ্বাস তো তাঁকেই মানায়।