'আড়ালে' কনকচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনকচাঁপা
কনকচাঁপা

দীর্ঘ ১০ বছর পর মৌলিক গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। অ্যালবামটির নাম ‘আড়ালে’। এর মধ্যেই অ্যালবামটির আটটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। বাকি রয়েছে দুটি গান। কিছুদিনের মধ্যে তা শেষ হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন কনকচাঁপা।
‘আড়ালে’ অ্যালবামের সুর-সংগীতায়োজন করছেন সংগীতাঙ্গনের তিন ‘খান’। এঁরা হলেন পিলু খান, নকীব খান ও মঈনুল ইসলাম খান। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। পুরো অ্যালবামের তত্ত্বাবধানও করছেন রাসেল নিজেই।
‘আড়ালে’ সম্পর্কে কনকচাঁপা বলেন, ‘অ্যালবামের প্রতিটি গানের কথা অসাধারণ। গানগুলোর মধ্যে মান-অভিমান, প্রেম-ভালোবাসার চিত্রকল্প সবাইকে মুগ্ধ করবে। রয়েছে মা নিয়েও একটি গান। আমার কাছে প্রতিটি গানের অনুভূতি নতুন মনে হয়েছে। আর পিলু ভাই ও নকীব ভাই তো এককথায় অনবদ্য।’
কনকচাঁপা আরও বলেন, অ্যালবামের কাজ এখন প্রায় শেষের দিকে। গানগুলো করার ক্ষেত্রে রাসেলের তাগিদটা ছিল লক্ষ করার মতোই।
জানা গেছে, তিন খানের সুর ও সংগীতের এই ‘আড়ালে’ অ্যালবামে কনকচাঁপা এবং নকীব খান একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন। ‘ইচ্ছে করছে’ শিরোনামের এ গানটির মাধ্যমে এ দুই শিল্পী প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন।
কনকচাঁপা বলেন, ‘জীবনে অনেক গান গেয়েছি। অনেক অ্যালবাম করেছি। সত্যি বলতে, এত যত্ন নিয়ে এমন কোনো অ্যালবাম কিংবা গান এর আগে করা হয়নি আমার।’
এদিকে স্বামী মঈনুল ইসলাম খানের সুরে গান করা প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘আমার জীবনে অনেক চমত্কার কিছু গানের পেছনে তাঁর অবদান অনেক বেশি। তাঁর গান গাওয়ার সময় আমাকে বেশ সতর্ক থাকতে হয়। স্বাভাবিক চোখে তাঁর গানগুলো সহজ মনে হলেও গাওয়াটা অনেক কঠিন। আর গাওয়ার পর তাঁর গানগুলো মাস্টারপিস হয়ে ওঠে। আমি খুব ভাগ্যবান যে স্বামী হিসেবে মঈনুল ইসলাম খানের মতো একজন মানুষকে পাশে পেয়েছি।’
কনকচাঁপার সর্বশেষ মৌলিক গানের অ্যালবাম হচ্ছে ‘আমি নই বনলতা সেন’। প্রকাশিত হয়েছিল বছর দশেক আগে। আর বিভিন্ন সময় গাওয়া গানের সংকলন নিয়ে ২০১১ সালে প্রকাশিত হয়েছিল ‘আবার এসেছি ফিরে’ অ্যালবামটি।