'আয়নাবাজি'কে ভিন্ন ধারার সিনেমা বললেন মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবারে গায়িকা মমতাজ
সপরিবারে গায়িকা মমতাজ

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ পরিবারের সবাইকে নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’ দেখলেন। ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গত মঙ্গলবার সন্ধ্যায় ছবিটি দেখেন এই শিল্পী। ছবিটি দেখে তিনি মুগ্ধ। শুধু তিনি একাই নন, ছবিটি নাকি তাঁর পরিবারের সবার ভালো লেগেছে বলেও জানান মমতাজ।

গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিটি এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালো লেগেছে। যাঁরা এত দিন বাংলাদেশের সিনেমা দেখা থেকে দূরে সরে ছিলেন, তাঁরাও ‘আয়নাবাজি’র মাধ্যমে হলমুখী হয়েছেন। এরই মধ্যে ছবিটি নিয়ে দেশের বাইরের বিভিন্ন উৎসবে অংশ নিতে আয়োজক কর্তৃপক্ষও আগ্রহী হয়ে উঠছে।
‘আয়নাবাজি’ ছবিটি দেখার পর এক প্রতিক্রিয়ায় মমতাজ বলেন, ‘বহুদিন পর অনেক সুন্দর একটা বাংলা সিনেমা দেখলাম। ছবিটি দেখতে দর্শক যেভাবে সিনেমা হলে ছুটছে, তা আমাকে অনেক বেশি আশাবাদী করেছে। আমি খবর নিয়ে এও জানতে পেরেছি, যেসব সিনেমা হলে “আয়নাবাজি” মুক্তি পেয়েছে, তার সবই হাউসফুল। আমি যেমন পরিবারের সবাইকে নিয়ে ছবিটি দেখতে গেলাম, ঠিক তেমনি অন্যরাও যাবেন। আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা মনে হয়েছে, তা হচ্ছে, বড়রা যেমন ছবিটি দেখে মজা পাচ্ছেন, তেমনি বাচ্চারাও খুব উপভোগ করছে।’
অমিতাভ রেজা পরিচালিত প্রথম সিনেমা ‘আয়নাবাজি’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ।