‘ইংরেজের আইন ও রবীন্দ্রনাথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘ঔপনিবেশিকতার প্রভাব থেকে ঔপনিবেশিক মনের মুক্তি পাওয়া কঠিন। ইংরেজ আইনের ক্ষেত্রে সেটা বিশেষভাবে সত্য।’গতকাল শুক্রবার ‘ইংরেজের আইন ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতায় বিচারপতি হাবিবুর রহমান এ কথা বলেন। বাঙালিসমগ্র জাদুঘর জাতীয় জাদুঘরে ওই স্মারক বক্তৃতার আয়োজন করে। স্মারক বক্তৃতায় তিনি বলেন, ইংরেজি আইনের সৌভাগ্য এই যে, রবীন্দ্রনাথের মতো প্রজার হাতে তার মূল্যায়ন হয়েছে। ইংরেজ আইন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ফুটে উঠেছে তাঁর বিভিন্ন গল্প, উপন্যাস, প্রবন্ধ ও লেখায়। স্মারক বক্তৃতায় সেসব তুলে ধরা হয়। তিনি বলেন, আইনের শাসন সম্পর্কে ১৩১০ সালে ‘মন্দির’ প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেন, ‘আমার যাহা ইচ্ছা তাহা করিব; সেই স্বাধীন ইচ্ছা যেখানে অন্যের কর্ম করিবার স্বাধীনতাকে হনন করে কেবল সেইখানেই আইনের প্রয়োজন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শততম জন্মবার্ষিকী উদ্যাপনে সে সময়ের পাকিস্তান সরকারের বাধা ও পরে অনুমতি দেওয়ার কাহিনি বর্ণনা করে বলেন, শেক্সপিয়ার মানে যেমন ইংরেজি সাহিত্য, তেমনি এক কথায় রবীন্দ্রনাথ মানে বাংলা সাহিত্য।স্বাগত বক্তব্যে শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, এখন ইউরোপের অনেক ছোট ছোট দেশেও রবীন্দ্র গবেষণা হচ্ছে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। এটি গর্বের।রবীন্দ্র গবেষক কবি আহমদ রফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।