মুকিত জাকারিয়া। বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে আধুনিক দৈত্যরূপে। ‘ভালো তো, ভালো না?’ বললেও লোকে এক নামে চেনে। অভিনয় করছেন একাধিক নাটকে, টেলিভিশন ছবিতেও অভিনয় করেছেন তিনি। আজ থাকছেন বাংলাভিশনের ‘রাত-বিরাতে’ অনুষ্ঠানে।আলাদিনের দৈত্যকে সামনে পেলে যা বলতাম...বেশি না, আমাদের একটু শান্তি দাও। ‘ক্যারম ২’ নাটক দিয়ে ক্যারিয়ারের বাজিমাত, ক্যারম খেলায় যতটা পারদর্শী...ছোটবেলায় ভালো খেলতাম। বড় হয়ে খুব বেশি খেলিনি। ছোটবেলায় ক্যারমের ঘুঁটি চুরি করতাম, এ ব্যাপারে বেশ পারদর্শী ছিলাম।বাংলালিংকের বিজ্ঞাপনটি করতে গিয়ে...কড়া মিষ্টি খাওয়ার পর যে অনুভূতিটা হয়, সেটা ভালোভাবে প্রকাশ করতে পারছিলাম না। বিজ্ঞাপনের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী শেষমেশ আমাকে পাঁচ কাপ চা, দেড় কৌটা কনডেন্সড মিল্ক আর ১৪০ চামচ চিনি খাইয়েছিলেন! খাওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম!ভালো তো, ভালো না? যে জিনিসটা সবচেয়ে ভালো...এখন প্রায়ই ছোট শিশুরা, যারা কেবল কথা বলতে শিখেছে, ফোন করে। ফোন করে বিজ্ঞাপনে যা বলেছিলাম তা ছড়ার মতো আবৃত্তি করে শোনায়—হ্যাঁ, ভালো তো, ভালো না? হা হা হা, এ ব্যাপারটা খুব ভালো লাগে।অভিনয়ের শুরুটা যেভাবে...চার বছর আগে, শরাফ আহমেদের শাড়ি নাটক দিয়ে। অভিনেতা না হলে যা করতাম...ছেলেবেলায় ইচ্ছা ছিল ১৮ চাকার ট্রাকের ড্রাইভার হব। বাবা সে সময় ১৮ চাকার খেলনা ট্রাক কিনে দিতেন। আরেকটি ইচ্ছা ছিল ববিতা ম্যাডামকে বিয়ে করার! কত বড় স্পর্ধা ছিল, চিন্তা করেন! হা হা হা!ভক্তরা আমাকে পেলে যা বলে...ভক্তরা বলেন, আপনার বিজ্ঞাপন দেখে খুব মজা পাই। গুরু মানি যাঁকে...অবশ্যই মোস্তফা সরয়ার ফারুকী। এই মানুষটি আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজ যে আমাকে এত মানুষ চেনে, সব তাঁর জন্যই। যত দিন বেঁচে থাকব, তত দিন তাঁর কাছে ঋণী আমি।রাত-বিরাতে যেখানে ঘুরতে ভালো লাগে...গ্রামের মেঠোপথ ও রাঙামাটির পাহাড়ে। আর সবুজ দেখতে খুব ভালো লাগে, আপ্লুত হয়ে যাই।মাহফুজ রহমান