‘ইট প্রে লাভ’ নিয়ে জুলিয়া রবার্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদ্যবাজনা, বই সবই ছিল। বিশাল ফুলের তোরণ, ফুল বিছানো রাস্তা, হাজার মানুষের চিৎকার-কোলাহল, আলোকচিত্রী-টেলিভিশন ক্যামেরা থরে থরে তাক করা, যেন একটা মুহূর্তও বাদ দেওয়া যাবে না! আয়োজনসংশ্লিষ্ট সবার উৎকণ্ঠা। সে এক বিয়েবাড়ির আমেজ, শুধু বর আসার কাজটাই যেন বাকি। না, এমনটা হয়নি! পড়ন্ত বিকেলে পুষ্পবৃষ্টিতে ভিজে ভিজে লন্ডনের লেস্টার স্কয়ার এশিয়ার থিয়েটারে লালগালিচায় পা রাখলেন অস্কারজয়ী, হলিউডের লাস্যময়ী কন্যা জুলিয়া রবার্টস। আজ তো তাঁরই আসার দিন। ইট প্রে লাভ তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির ইউরোপ প্রিমিয়ারের জন্যই এত কিছু!সাদা ধবধবে শুভ্রবসন, স্টেলা ম্যাককার্টনি স্যুট পরে সোজা মিশে গেলেন তাঁর জন্য পাগলপারা ভক্তদের মধ্যে।যে গল্পটি ঘিরে ইট প্রে লাভ, ২০০৬ সালে এলিজাভেথ গিলবার্টের সাড়াজাগানো ভ্রমণভিত্তিক আত্মকথন। ৩৪ বছর বয়সী গিলবার্টের স্বামী, ঘর-সংসার সবই ছিল। লেখক হিসেবে তাঁর সুনাম চারপাশে। সব পাওয়ার ভেতরও না-পাওয়ার কষ্ট কুরে কুরে খাচ্ছিল তাঁকে। স্বামীর সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভবপর ছিল না। অঘুম রাত, চাপা কান্না, নিজের কাছে নিজে হারতে বসেছিলেন গিলবার্ট। সিদ্ধান্ত নেন, টেনেটুনে সংসার আর নয়। নিজেকে খোঁজার পথে নামেন তিনি। উদ্দেশ্যহীনভাবেই অনেকটা ইতালিতে নুডলস-পাস্তা, এদিক-ওদিক ঘোরাঘুরির মধ্যে চার মাস পার। ভারতের এক আশ্রমে কাটে তাঁর আরও কয়েক মাস। শেষতক ইন্দোনেশিয়ার বালিতে মেডিটেশনের দীক্ষা নেন এক বয়স্ক গুরুর কাছে। নানা দোলাচলের মধ্যে বালিতে নিজেকে ফিরে পান গিলবার্ট। তাঁর চেয়ে ১৭ বছর বেশি বয়সী ব্রাজিলিয়ান ফিলিপকে নিয়ে শুরু হয় তাঁর পথচলা। নিজের প্রতি বিশ্বাস, নানা ঘটনার মধ্য দিয়ে বছরব্যাপী গিলবার্টের ভ্রমণ-অভিজ্ঞতার বাস্তবভিত্তিক গল্পের ইট প্রে লাভ বইটি প্রকাশের পর নন-ফিকশন বিভাগে টানা ১৮৭ সপ্তাহ নিউইয়র্ক টাইমস-এর বেস্ট সেলার তালিকায় ছিল। চার বছরে বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ছয় মিলিয়নেরও বেশি কপি। ৪০টি ভাষায় প্রকাশিত হয় ইট প্রে লাভ। গিলবার্ট আমন্ত্রিত হন বিশ্বের অভিজাত টিভি শো অপরাহ উইনফ্রের শোতে।১৩ আগস্ট কলাম্বিয়া পিকচার্স রাইয়ান সারফির পরিচালনায়ইট প্রে লাভ ছবিটি মুক্তি পায়। ২২ সেপ্টেম্বর লন্ডনে প্রিমিয়ারের মধ্য দিয়ে ইউরোপের দর্শকদের জন্য উন্মুক্ত হলো গিলবার্টরূপী জুলিয়া রবার্টসের ইট প্রে লাভ। গল্পটা আর শেষ করা গেল না। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ভুভুজেলা হাত থেকে নামেনি অ্যাডামসের। বিকট আওয়াজে কর্ণদ্বয় ঝালাপালা। অ্যাডামস আজ মহাখুশি। ভুভুজেলার কল্যাণে প্রিয়তারকার অটোগ্রাফ, ছবি তোলা—কোনোটাই বাদ যায়নি তাঁর। জুলিয়া রবার্টসও তাঁর ভক্তদের নিরাশ করেননি, দীর্ঘক্ষণ তাঁদের মধ্যেই মিশে ছিলেন। মূলমঞ্চে ফটোসেশনে অংশ নেন জুলিয়া রবার্টস। কথা বলেন, তাঁর অভিনীত চরিত্র সম্পর্কে। বললেন, ‘প্রায় ১০ বছর আগে জাভিয়ার বারডেমসহ ডুপ্লিসিটি ছবির প্রিমিয়ারে শেষতক লেস্টার স্কয়ারে এসেছিলাম। আমি অভিভূত, দর্শকদের ভালোবাসায়। কৃতজ্ঞতা জানাই অসংখ্য মানুষের আগ্রহ, উপস্থিতির জন্য। ছবির গল্প সম্পর্কে বাড়িয়ে বলার কিছু নেই। বাস্তবভিত্তিক এ ভ্রমণযাত্রা-অভিজ্ঞতার চলচ্চিত্রও দর্শকদের ভালো লাগবে, আমার বিশ্বাস। আমি গিলবার্ট হতে নিরলস চেষ্টা করেছি। শুটিংয়ের দিনগুলো আমাকে কাতর করে তোলে।’জুলিয়া রবার্টস আরও বলেন, ‘আমার বিশ্বাস, রক্ত, যুদ্ধবিগ্রহ থেকে দর্শক আবার ভালোবাসার, পারস্পরিক শ্রদ্ধাবোধের গল্পে চোখ ফেরাবে। ছবিটি দর্শকদের আত্ম-অন্বেষণে আগ্রহ জোগাবে। মোদ্দাকথা, দর্শকপ্রিয়তাই আমার অভিনয়জীবনের শ্রমের সার্থকতা।’ছবির পরিচালক রাইয়ান মারফি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ছবির গল্প জীবনঘনিষ্ঠ। আত্মবিশ্বাস আর ভালোবাসার মধ্যেই মানুষ প্রাণ ফিরে পায়, জলিয়া খুবই সাবলীল গিলবার্টরূপে। আমি তৃপ্ত তাঁর কাজে। আশা করি, দর্শকও বইটির মতো ছবিটিকে গ্রহণ করবে আগ্রহভরে।’ইট প্রে লাভ-এর লেখক খোদ এলিজাভেথ গিলবার্টও জুলিয়া রবার্টসের অভিনয়-প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘মুক্তির পর থেকে আশাতীত প্রতিক্রিয়া পেয়েছি। ছবিটি আমার লেখার চেয়েও বাড়তি অনেক কিছু। জুলিয়া রবার্টস গিলবার্টই ছিলেন পুরো ছবিতে।’এদিকে এলিজাভেথ গিলবার্টের ইট প্রে লাভ প্রকাশের পর যেমনটা পেয়েছিলেন পাঠকের ঈর্ষণীয় আগ্রহ-কাটতি, ছিল গল্পের নানা দিক নিয়ে নেতিবাচক কথাও। এখন দেখার পালা, গিলবার্টের খাওয়া, প্রার্থনা আর ভালোবাসার জোর নিয়ে কতটা এগিয়ে যান জুলিয়া রবার্টস। আর তাঁর সহকর্মী হিসেবে ছবিতে আরও রয়েছেন জাভিয়ার বারডেম, জেমস ফ্রাঙ্ক, রিচার্ড জেনকিন প্রমুখ।