‘ইট মারলে পাটকেলটিও...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ এক বিকেলে বার্নার্ড আবিষ্কার করল, তার স্ত্রী জাখলিন নির্মাণ ব্যবসায়ী রবার্টের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। বার্নার্ড দুটি কঠিন শর্ত দেয় রবার্টকে। রবার্ট ভাবছে কী করবে। বার্নার্ড একদিন রবার্ট দম্পতিকে নৈশভোজের দাওয়াত করে। সেখানে রবার্ট এক বারবনিতাকে ভাড়া করে নিয়ে আসে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে। কিন্তু ঘটনা নাটকীয় মোড় নেয়, যখন রবার্টের স্ত্রী জুলিয়েট এসে সেখানে হাজির হয়।এই নাটকীয়তার মধ্য দিয়ে এগোতে থাকে ফরাসি নাট্যকার মার্ক ক্যামোলেত্তির নাটক ডিং ডং-এর গল্প। ইট মারলে পাটকেলটিও... নামে এর অনুবাদ করে নির্দেশনা দিয়েছেন আল নোমান। গতকাল বুধবার ফরাসি নাট্য উৎসবের শেষ দিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এটি মঞ্চস্থ করে নাটুকে থিয়েটার গ্রুপ।‘ফেম’ স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক ও নাটুকে থিয়েটার গ্রুপের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে আলিয়ঁস ফ্রঁসেজ ও সিটি ব্যাংক।নাটক শেষে ছিল সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান। আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সালিহা লোফেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার। সিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রধান নাজমুল করিম চৌধুরী। অনুষ্ঠানে দুই নাট্য ব্যক্তিত্ব আলী যাকের ও মামুনুর রশীদকে সম্মাননা প্রদান করা হয়।শিল্পাঙ্গনে তরুণদের দলীয় প্রদর্শনীধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে পাঁচ তরুণ শিল্পীর চিত্রকর্ম। শিল্পীরা হলেন সৈয়দ জাহিদ ইকবাল, ফারজানা আহমেদ, মুস্তাফা জামিল আকবর, সোহেল রানা ও সান্ত্বনা শাহিরন। তাঁরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।‘প্রেজেন্ট-পারফেক্ট-কন্টি-নিউয়াস’ শিরোনামের এই প্রদর্শনীতে ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা এসব এঁকেছেন তেল, মিশ্র, অ্যাক্রেলিক ও ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে।২২ এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।পাংশায় আজ শুরু হচ্ছে সাধুসঙ্গগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, আজ বৃহস্পতিবার থেকে পাংশার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে শুরু হচ্ছে দুই দিনের বাৎসরিক লালন উৎসব ও সাধুসঙ্গ। লালনভক্ত ধামে ২০ বছর ধরে বাউলেরা সাধুসঙ্গ করে আসছেন। এ বছরও বাউল সাধক মোহাম্মদ আলী শাহ ফকিরের বাড়িতে ৪ ও ৫ এপ্রিল দুই দিনব্যাপী সাধুসঙ্গের আয়োজন করা হয়েছিল। সাধুসঙ্গের শেষ দিনে ৫ এপ্রিল সকালে স্থানীয় একদল লোক অনুষ্ঠান থেকে ২৮ জন বাউল সাধককে ধরে স্থানীয় মসজিদে নিয়ে তওবা পড়িয়ে তাঁদের চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনায় রাজবাড়ী জেলাসহ সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সেই অসমাপ্ত সাধুসঙ্গ নতুন করে হচ্ছে ২৮ ও ২৯ এপ্রিল। গতকাল বুধবার বৃদ্ধ বাউল মোহাম্মদ ফকিরের বাড়িতে গিয়ে দেখা গেছে বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে। তিনি কাজের তদারক করছেন। এবার সাধুসঙ্গে সারা দেশের অন্তত দুই হাজার বাউল সাধুসহ ১৫ হাজার ভক্ত উপস্থিত থাকবেন বলে তিনি আশা করছেন। এ ছাড়া দেশের লালনভক্ত খ্যাতনামা শিল্পীরাও উপস্থিত থাকবেন। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন বলেন, সাধুসঙ্গের নিরাপত্তা রক্ষার জন্য সার্বক্ষণিক পুলিশ থাকবে।নৃত্য উৎসবশিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নৃত্য উৎসবের গতকাল বুধবার ছিল পঞ্চম দিন।বিকেলে শিশু একাডেমীর শিল্পীরা ‘মম চিত্তে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠান শুরু করে। এরপর সপ্তস্বরের শিল্পীরা নৃত্য করে ‘রুমঝুম রুমঝুম বাজেরে বাজে’ গানটির সঙ্গে। স্বপ্নকুঁড়ির শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে ‘দ্রিম তা দারে দানি’ গানের সঙ্গে। এ ছাড়া নৃত্য পরিবেশন করে আঙ্গিকাম, স্বপ্নপুরী, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট, পরশমণিসহ বেশ কিছু নাট্যদল। আগামীকাল শুক্রবার উৎসবের শেষ দিন। ‘বুড়া ভূতের গপ্পো’যারা নিজের সংস্কৃতিকে অবিকৃত রাখতে চায়, তাদের একজন হরিহর। উৎসব এলেই তার ঢোল বেজে ওঠে। আনন্দে মেতে ওঠে তার গ্রামের মানুষ। নানা কারণে একসময় এ উৎসবে নেমে আসে কালো ছায়া। সেই কালো ছায়া ছিন্নভিন্ন করে দেয় ওই গ্রামবাসীর ছোট ছোট স্বপ্নগুলো। এমনি পটভূমিতে রচিত নাটক বুড়া ভূতের গপ্পো।আবদুল হালিম রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন আতাহার বকুল। এটি দৃষ্টিপাত নাট্যদলের ২০তম প্রযোজনা। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুনীল কুমার দে, আবদুল হালিম, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, সুপ্তী হালদার, সানজিদা পারভীন প্রমুখ।