গত ঈদের বাছাই অনুষ্ঠানগুলো নিয়ে ‘আনন্দ’ পাতায় আমরা পর্যালোচনার আয়োজন করেছিলাম। তাতে তিনটি ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছিলেন অরুণ বসু। সেই আলোচনা প্রসঙ্গে একজন পাঠক গোলাম কিবরিয়া চিঠি পাঠিয়েছেন। যেহেতু প্রথম আলো স্বাধীন মতামতে বিশ্বাসী, তাই তাঁর মতামতের গুরুত্ব বিবেচনা করে তাঁর চিঠির সিংহভাগ প্রকাশ করা হলো। তিনি লিখেছেন, গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর ‘আনন্দ’ পাতায় জনৈক অরুণ বসু বিভিন্ন চ্যানেলে প্রচারিত ঈদ অনুষ্ঠানমালার মধ্যে তিনটি ম্যাগাজিন অনুষ্ঠানের সমালোচনা লিখেছেন। অরুণ বসুর লেখাটি সম্পর্কে একজন সচেতন পাঠক হিসেবে আমার কিছু প্রশ্ন রয়েছে। অরুণ বসু যেমন অনুষ্ঠানের ভুলত্রুটি আলোচনা করেছেন এবং প্রথম আলোতে তা ছাপা হয়েছে; তেমনি তাঁর লেখায়ও অনেক ভুল এবং অযৌক্তিক কথা রয়েছে, যা প্রথম আলোয় ছাপা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।অরুণ বসুর লেখা হানিফ সংকেতের ইত্যাদির সমালোচনা পড়ে মনে হয়েছে তিনি নিয়মিত ইত্যাদি দেখেন না এবং আলোচ্য অনুষ্ঠানটিও পুরোপুরি দেখেননি। আমার মতো প্রথম আলোর যেসব পাঠক ইত্যাদি দেখেছেন, তাঁরা নিশ্চয়ই স্বীকার করবেন এবারের ইত্যাদি আয়োজনে, বিষয়বৈচিত্র্যে, বক্তব্যে সবার মন কেড়ে নিয়েছে। অনুষ্ঠানের শেষ গান অর্থাৎ বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমীনের গানটি অনেকের চোখেই পানি এনে দিয়েছিল—এর কথা, সুর, চিত্রায়ণ ও বিষয়ের গভীরতার জন্য। অথচ অরুণ বসুর লেখায় সাবিনা ইয়াসমীনও উপেক্ষিত। তিনি লিখেছেন, ইত্যাদি কি একঘেয়েমি দোষে দুষ্ট নয়? এই প্রশ্নের উত্তরে আমার মতো ইত্যাদির সব নিয়মিত দর্শকই বলবেন, ‘না’। দুই দশক ধরে ইত্যাদি আমাদের পছন্দের শীর্ষে। টেকনাফ থেকে তেতুলিয়া শেষ করে এবার আমাদের ইতিহাস-ঐতিহ্যের বিভিন্ন প্রাচীন জায়গায় হাজার হাজার দর্শক নিয়ে ধারণ হচ্ছে ইত্যাদি। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম পরিচিত হচ্ছি আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে। এসব বৈচিত্র্য কি একঘেয়ে লাগে? শহীদুজ্জামান সেলিম ও তারিনের মধ্যে বর্তমান নাটক ও চলচ্চিত্রের ভাষাবিকৃতি ও অশিল্পীদের শিল্পী বানানোর বিরুদ্ধে প্রতিবাদী চিত্র কি একঘেয়ে? সংগীতশিল্পীরা এই প্রথম এ ধরনের সমস্যা নিয়ে গানে গানে অভিনয় করেছেন—এটা কি পুরোনো? শিশু-কিশোরদের নিয়ে সমুদ্রসৈকতে রমজান মাস উপলক্ষে গানের চিত্রায়ণে কি নতুনত্ব ছিল না? বিদেশিদের নিয়ে বাসযাত্রীদের দৈনন্দিন সমস্যার চিত্র অরুণ বসুকে কি একটুও আনন্দ দেয়নি? এমনই প্রচুর বিষয় ছিল, যা শুধু নতুনই নয়, যা আমাদের আনন্দের পাশাপাশি ভাবিয়েছে। ইত্যাদির জনপ্রিয়তা নিয়ে তিনি আর একটি আপত্তিকর কথা লিখেছেন। তা হচ্ছে ইত্যাদির জনপ্রিয়তা কমেছে। ইত্যাদি সম্পর্কে এসব মন্তব্য করার আগে অনুষ্ঠানটি নিয়ে গবেষণা করার প্রয়োজন আছে। নইলে ভুল তথ্যের জন্য পাঠক ও দর্শক আহত হন। পত্রিকা মারফত জেনেছি, সাম্প্রতিক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জরিপে ইত্যাদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বেশি সংখ্যক দর্শক দেখে বলে রায় দিয়েছে। ওয়েবসাইটে গিয়ে জরিপটি দেখে নিতে পারেন। সুতরাং কলমের খোঁচায় যেকোনো কিছুর সম্পর্কে না জেনে এভাবে ঢালাও মন্তব্য করা ঠিক নয়। মো. গোলাম কিবরিয়াশাপলা ভিলা, কাঁটাসুর, মোহাম্মদপুর, ঢাকা।আনন্দের কথাপ্রতিবছরই বিভিন্ন চ্যানেলে ঈদের অনুষ্ঠান প্রচার হওয়ার পর ‘আনন্দ’ পাতায় টিভি, চলচ্চিত্র এবং অডিও অ্যালবাম নিয়ে পর্যালোচনা ছাপা হয়। এ বছরও এর ধারাবাহিকতায় অরুণ বসু ইত্যাদিসহ তিনটি ম্যাগাজিন অনুষ্ঠান দেখে পর্যালোচনা লিখেছেন। যাঁরা পর্যালোচনা লিখেন, তাঁরা তাঁদের নিজস্ব স্বাধীন মতামত দিয়ে থাকেন। ইত্যাদি নিয়ে তিনি যেমন প্রশংসা করেছেন, তেমনি প্রশ্নও তুলেছেন। অরুণ বসু ওই আলোচনায় লিখেছেন, ‘হানিফ সংকেত উপস্থাপিত এবং নির্মিত বিটিভির ইত্যাদিকে টিভি চ্যানেলের বিনোদন-বাজারের একটি জনপ্রিয় ব্র্যান্ড বললে অত্যুক্তি হয় না।’তিনি আরও লিখেছেন, ‘যাঁরা ইত্যাদি দেখেছেন তাঁরা জানেন, লাঠিনৃত্য থেকে শুরু করে রাস্তার ভিক্ষুকদের হালহকিকত নানা কৌশলে, নানা মাধ্যমে উপস্থাপন করেছেন নির্মাতা। এর মধ্যে ঢুকেছে সিনেমা জগৎ, স্বামী-স্ত্রীর কলহ, দোকানের কেনাকাটা, রিয়ালিটি শো আর টক শোর দুরবস্থা, বৃদ্ধ-বৃদ্ধার বিয়েসহ নানা বিষয়। বরাবরই ইত্যাদিতে হানিফ সংকেত বিষয়বৈচিত্র্যের সমাহার ঘটিয়ে থাকেন। কথায়, নাট্যে, ব্যঙ্গে সমাজ-সংসারের নানা অনিয়ম-অসংগতির মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চান দর্শককে।’এরপর তিনি লিখেছেন, ‘দুই দশকের বেশি সময় ধরে চলা ইত্যাদি বিষয়ে একটি জিজ্ঞাসা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে হয়; তা হলো, ইত্যাদি কি এখন একঘেয়েমি দোষে দুষ্ট নয়?...বিনোদন অনুষ্ঠান যাঁরা নির্মাণ করেন, উপস্থাপনা করেন, তাঁদের মধ্যে হানিফ সংকেতের যোগ্যতা সংশয়াতীত। তাঁর কাছ থেকে দর্শক এখন একঘেয়েমিমুক্ত নতুন কাজ প্রত্যাশা করে।’লেখক যাঁর যোগ্যতাকে সংশয়াতীত বলেছেন, তাঁর কাছে প্রত্যাশা বেশি করেছেন। এই পর্যালোচনা কোনো উদ্দেশ্যমূলক পর্যালোচনা নয়।