‘ইত্যাদি’তে একসঙ্গে তাঁরা পাঁচজন
বাংলাদেশ টেলিভিশনের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই কোনো না কোনো চমক। আর সেটি যদি হয় ঈদের অনুষ্ঠান, তাহলে তো কথাই নেই। এবারের ঈদে ইত্যাদিতে সে রকমই চমক থাকছে দর্শকদের জন্য।দর্শকদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ‘ইত্যাদি’তেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশ নিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় পাঁচ তারকা মোনালিসা, মম, মুনমুন, মীম ও সারিকা। তাঁদের সঙ্গে থাকবেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন সোহাগ। ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, ক্লাসিক্যাল ও আধুনিক কম্পোজিশনে ইত্যাদির এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ভিন্নতা। তরুণ সংগীত পরিচালক আজিজুর রহমান টিংকুর মাধ্যমে বেশ কিছু তরুণ গায়ক-গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ-প্রতিভা কাজে লাগিয়ে হানিফ সংকেত এই মিউজিকটি তৈরি করেছেন। শিল্পীদের নাচের জন্য নতুন পোশাক তৈরি করা হয়েছে। ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, ‘ইত্যাদি’র এবারের নাচ দর্শকদের ভিন্ন রকম আনন্দ দেবে।