'ইন দ্য নেম অব...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইন দ্য নেইম অব...’ আলোকচিত্র প্রদর্শনীতে তিন উদ্বোধক সুলতানা কামাল, আক্কু চৌধুরী ও সন্‌জীদা খাতুন l ছবি: প্রথম আলো
‘ইন দ্য নেইম অব...’ আলোকচিত্র প্রদর্শনীতে তিন উদ্বোধক সুলতানা কামাল, আক্কু চৌধুরী ও সন্‌জীদা খাতুন l ছবি: প্রথম আলো

ছবিগুলোর শিরোনাম প্ল্যানেট অব দ্য এপস, পয়েন্ট ব্ল্যাঙ্ক, অ্যাপোকেলিপস নাউ, ফ্রাঙ্কেনস্টাইন, এঞ্জেলস অ্যান্ড ডেমনস, ওয়ার অ্যান্ড পিস, গেম অব থ্রোনস—হলিউডের সিনেমার নামে শিরোনাম। কিন্তু যশোর, খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর, রাঙামাটি, পঞ্চগড়, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো হার মানায় সিনেমার কাহিনিকেও।
‘ইন দ্য নেম অব...’ আলোকচিত্র প্রদর্শনীটি আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে গতকাল থেকে, চলবে ২৮ মার্চ পর্যন্ত। আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’ (অ্যালায়েন্স ফর মিটিগেটিং রেসিজম অলটুগেদার)। প্রদর্শনীর দেয়ালে ঝুলছে ২০১৩ ও ২০১৪ সালে ঘটা কিছু সাম্প্রদায়িক হামলার দলিল। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সন্জীদা খাতুন, মানবাধিকারকর্মী সুলতানা কামাল ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এ দেশের জন্ম। কিন্তু সে কি কেবলই স্বপ্ন? ছবিগুলো সাক্ষ্য দেয়, সংখ্যালঘুর ঘরবাড়ি, উপাসনালয়, স্বপ্ন বারবার পুড়েছে একই আগুনে যে আগুনে ভাত রাঁধা হয়। তাদের ঘরের জানালাও নিস্তার পায় না—যে জানালা দিয়ে এক চিলতে খোলা আকাশ দেখত তারা।
সঙ্গে রেকর্ডে বাজছিল আক্রান্ত মানুষের বয়ান—কী করে তাদের সবকিছু এক রাতেই শেষ হয়ে গেল। যাঁরা এসব হামলায় চলে গেছেন, তাঁদের আত্মার উদ্দেশ্যে মঙ্গলপ্রদীপ জ্বালানো হয়েছে প্রদর্শনীতে। একই সঙ্গে আছে তসবি, সিঁদুর, বুদ্ধ ও যিশুমূর্তি।
গ্যালারি ঘুরে ছবি দেখা যখন শেষের দিকে, হঠাৎ থমকে যেতে হয়। দেয়ালে ছবির বদলে আয়নায় ভাসে নিজেরই মুখ। একটু পেছনে রাখা আছে বাংলাদেশ রাষ্ট্রের অসাম্প্রদায়িক সংবিধান।