'ইয়েতি অভিযান' ৫০ প্রেক্ষাগৃহে

বিনিময় চুক্তির আওতায় ভারতের কলকাতায় গেছে বাংলাদেশের ছবি ‘বসগিরি’ ও ‘ধ্যাততেরিকি’। বিপরীতে সেখান থেকে এসেছে ‘ইয়েতি অভিযান’ ও ‘ককপিট’ ছবি দুটি। কিছুদিন আগে জানা যায় এ খবর। নতুন খবর হলো আগামীকাল শুক্রবার বাংলাদেশে মুক্তি পাবে আমদানি করা ছবি সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’। সারা দেশের ৫০টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। বাংলাদেশে ছবিটির পরিবেশক ও আমদানিকারক জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের কিশোর উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত ‘ইয়েতি অভিযান’ কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের কাছ থেকে আমদানি করা হয়েছে। বিপরীতে ভারতের কলকাতায় প্রযোজক বিজয় খেমকার কাছে রপ্তানি করা হয়েছে বাংলাদেশের ‘বসগিরি’।
ছবিতে কাকাবাবু চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। বিশেষ দুটি চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিমকে।
এদিকে রপ্তানি করা বাংলাদেশের ‘বসগিরি’ ও ‘ধ্যাততেরিকি’ ছবি দুটির কলকাতায় মুক্তির দিন এখনো ঠিক হয়নি। বেশ কিছুদিন আগে কলকাতায় ছোট পরিসরে মুক্তি পেয়েছিল ‘বসগিরি’ ছবিটি। তবে এবার বিনিময় চুক্তির অধীনে ‘বসগিরি’কে বড় পরিসরে আবারও মুক্তির পরিকল্পনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। মুঠোফোনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা শুভদীপ। বলেন, পশ্চিমবঙ্গের অন্তত অর্ধশত প্রেক্ষাগৃহে বাংলাদেশের ছবিটি মুক্তি দিতে চান তাঁরা।