'ঈদে অ্যালবাম প্রকাশের কথা ভেবেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস আই টুটুল
এস আই টুটুল

এস আই টুটুল। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার। মাঝেমধ্যে অভিনয়ও করেন। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান। এই প্রতিযোগিতার বিচারকদের একজন তিনি।
শেষ চিঠি পেয়েছিলাম...
তানিয়া এখনো মাঝেমধ্যে আমাকে চিঠি লেখে। শেষ চিঠি পেয়েছিলাম আমার ছেলে শ্রেয়াসের কাছ থেকে। আমি রাগ করার পর ও নিজের ভুল বুঝতে পারলে চিঠি লেখে ‘সরি’ বলে, ‘লাভ ইউ’ বলে।
‘ধ্রুবতারা’ যেমন জ্বলছে...
বেশ ভালো জ্বলছে এবং চলছে। এবারের ঈদে ধ্রুবতারা নামেই একটি অ্যালবাম প্রকাশের কথা ভেবেছি। ১০-১২টির মতো গানও তৈরি করেছি আমরা।
কি-বোর্ড, না গিটার...
অবশ্যই কি-বোর্ড বাজাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মানুষ আমাকে মনে রেখেছে এলআরবির কি-বোর্ডিস্ট হিসেবেই। আর আমি এলআরবি ছাড়ার পরে আমার গুরু আইয়ুব বাচ্চুও আর কোনো কি-বোর্ডিস্ট নেননি। এদিকে আমিও গুরুর প্রতি সম্মান রেখে ব্যান্ডের হয়ে কি-বোর্ড বাজাইনি এবং সিদ্ধান্ত নিয়েছি বাজাবও না। এমনিতে হঠাৎ হঠাৎ কোথাও বাজাই, তবে কোনো ব্যান্ডের হয়ে নয়।
ক্ষুদে গানরাজদের যেমন দেখছি...

বেশ ভালোই। তবে যারা গাইছে, তাদের গানের ভান্ডার অনেক কম! অন্তত ১০০টি গান শিখে আসা উচিত প্রত্যেকের। সন্তানেরা ভালো না করলে অভিভাবকেরা অনেক সময় মনঃক্ষুণ্ন হন। কিন্তু ক্লাসের সবাই তো আর প্রথম হয় না। আর এবার যারা সব ধরনের গানই গাইতে পারবে, তেমন প্রতিযোগীদেরই ‘ক্ষুদে গানরাজ’ হিসেবে বেছে নেওয়া হবে।
হুমায়ূন আহমেদ...
আমি কথা দিয়ে কথা রাখতাম না, তাই স্যার আমাকে দুষ্টু বলতেন। তবে সামনে গেলে বকতেন না। তানিয়ার এ নিয়ে অভিযোগ ছিল স্যারের কাছে, ‘আপনি সবাইকে বকেন, ওকে বকেন না কেন!’ স্যার বৃষ্টি পছন্দ করতেন, আমিও করি। বৃষ্টি এলে আমরা হয়তো এমন কিছু করতাম, যাতে অনেক বিপদের আশঙ্কা থাকত। স্যার আমার এই পাগলামি পছন্দ করতেন। আমারও তো মাঝেমধ্যে শিশু হতে ইচ্ছা করে। কিন্তু আমার মাথার ওপর থেকে অভিভাবক চলে গেছেন। এটা অবশ্য কেবল স্থান পরিবর্তন; তাঁর জন্য মনে যে জায়গাটুকু আছে তা তো আর পরিবর্তন হয় না। স্যার চলে গেছেন আমাদের বিবাহবার্ষিকীর দিনেই। তাই আমরা আর কখনোই দিনটি উদ্যাপন করব না।
মাহফুজ রহমান