
চঞ্চল চৌধুরী। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে তাঁর সরব উপস্থিতি। নিজের অভিনয়গুণে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক গেম।
আমি চঞ্চল, কারণ...
ছোটবেলায় মনে হয় বেশি চঞ্চল ছিলাম। এ কারণে মা-বাবা আমার নামই রেখেছেন চঞ্চল। তবে এখন তো আর চঞ্চলতার বয়স নেই। এখন আশপাশের সবাইকে নিয়ে আনন্দের মধ্যে থাকতে পছন্দ করি।
আমার ছেলে শুদ্ধ...
আমার চার বছরের ছেলে শুদ্ধ। ও আমার মতো চঞ্চল নয়। খুব বুদ্ধিমান। আরও দুই বছর আগে থেকে আইফোনে গেম খেলে সে। সব কটি গেমেই তার সর্বোচ্চ স্কোর।
কোরবানির ঈদের কাজ...
এরই মধ্যে ঈদের কাজ শুরু হয়ে গেছে। যেমন, আজ (রোববার) শুটিং করছি বৃন্দাবন দাসের রচনা এবং ফজলুর রহমানের পরিচালনায় টিকিট নাটকের। এ ছাড়া সামনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তিনটি এবং আবুল হায়াতের একটি নাটকের কাজ করার কথা রয়েছে।
স্ত্রী চিকিৎসক হলে সুবিধা...
ঘরে চিকিৎসক থাকার সুবিধা হলো, রোগের উপসর্গ দেখা দিলেই ব্যবস্থা নেওয়া যায়। বাচ্চাদের জন্য আরও বেশি উপকারী। আমার ছেলে সেই সুবিধাটা পাচ্ছে।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি...
সকালে উঠে নয়, আমি শুটিং শেষ করে মধ্যরাতে বাসায় ফিরতে ফিরতেই মনে মনে বলি, কাল সকালে যেন ঠিক সময়ে শুটিং স্পটে পৌঁছাতে পারি। রাস্তায় যেন কোনো যানজট না হয়।
এবং ‘গেম’...
গেম একটি কলোনির গল্প। কলোনিতে এক মেয়ের প্রেমে পড়ে দুজন। তাদের মধ্যে ওই মেয়েকে নিয়ে শত্রুতা শুরু হয়ে যায়। তাদের আবার দুজন সহকারী আছে। তারা বিভিন্ন সময়ে বুদ্ধি দিয়ে ওই দুজনকে বিভ্রান্ত করে। এই নিয়েই গল্প। এই দুই প্রেমিকের একজন আমি। ধারাবাহিকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।