ফজলুর রহমান বাবু। জনপ্রিয় অভিনেতা। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত মায়ানিগম ধারাবাহিকটি।ব্যস্ততা দেয় না অবসর...মহা ব্যস্ত এখন! আগে দেখা গেছে, নির্মাতারা মধ্য রোজা পর্যন্ত ঈদের নাটকের শুটিং করতেন। কিন্তু এবার মনে হচ্ছে রোজার আগেই সব নাটকের শুটিং শেষ হয়ে যাবে। সালাহউদ্দিন লাভলু, মাহফুজ আহমেদ, শাহেদ-উন-নবী, ইমরান হোসেনসহ অনেকের পরিচালনায় ঈদের নাটকে অভিনয় করছি।গানের খবর...অডিও বাজারের অবস্থা খুব একটা ভালো নয়। তার পরও কেউ কেউ গানের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। বুঝে-শুনে কাজটি করতে চাই।‘মনপুরা’ ও ‘বৃত্তের বাইরে’র পরে...ছবি দুটিতে অভিনয় করে অনেকেরই প্রশংসা পেয়েছি। এরপর বাণিজ্যিক ছবির অনেক নির্মাতাই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। আমি রাজি হইনি। বাণিজ্যিক ছবির যে ধারা, তাতে আমি অভ্যস্ত নই।মেয়েদের চোখে অভিনেতা আমি...বড় মেয়ে অবন্তী সিদ্ধেশ্বরী গার্লস কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে, আর ছোট মেয়ে প্রিয়ন্তী পড়ছে ভিকারুননিসা নূন স্কুলে পঞ্চম শ্রেণীতে। ওরা সবাই আমার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। সমালোচনাও করে কড়া কড়া!আমার ভালো দিক...কাজ করার আকাঙ্ক্ষা প্রচণ্ড।ভয় পাই...অভিনয়ের কারণে অনেকেই আমাকে চেনে। যখন আমি অভিনয় করব না তখন হয়তো অনেকের সঙ্গেই কোনো যোগাযোগ থাকবে না। ওই সময়টার কথা ভাবলে ভয় পাই।অভিনেতা না হলে...ছোটবেলা অনেক কিছুই ভাবতাম। হাওয়াই মিঠাই বিক্রেতাকে দেখে তাঁর মতো হওয়ার কথা ভাবতাম। আবার আইসক্রিম বিক্রেতাকে দেখে ইচ্ছার পরিবর্তন হতো। ফরিদপুরের যে এলাকায় থাকতাম, সেখানে বাচ্চু নামের একজনের একটি দোকান ছিল। সেখানে সব ধরনের জিনিস পাওয়া যেত। তখন মনে হতো, বাচ্চু ভাই-ই বুঝি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাঁকে দেখে আবার তাঁর মতো হওয়ার চেষ্টাও মাথায় আসত। ঢাকায় এসে আরণ্যকে যুক্ত হওয়ার পর অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মে। সবকিছু ছাপিয়ে এখন আমি অভিনেতা হয়েছি। ভালোবেসে এই কাজটি করে যেতে চাই।‘মায়ানিগম’...গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় এনটিভির এই ধারাবাহিক নাটকটির শুটিং করেছিলাম অনেক আগে। এখন প্রচারিত হচ্ছে। বেশ ভালো লেগেছিল অভিনয় করে। মনজুর কাদের