‘ঈশ্বর প্রেরিত নির্বোধ’-এর শুটিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈশ্বর প্রেরিত নির্বোধ’ নাটকের শুটিং আজ থেকে শুরু হয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জে। চলবে ৩০ জুন পর্যন্ত। পুরোনো দিনের একটি টর্চ লাইটকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে একক নাটকটির কাহিনি। শতাব্দী ওয়াদুদ, স্বাগতাসহ নীলফামারীর জলসিঁড়ি নাট্যদলের শিল্পীরা অভিনয় করছেন এ নাটকে।এ নাটকের মাধ্যমেই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন তৃষা সামীরা। নাটকটির কাহিনি সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘পাগলাটে নরেনের সকল পাগলামি একটি টর্চ লাইট নিয়ে। তাঁর মা ছেলের পাগলামি কাটানোর আশা নিয়ে রাধাকে ঘরের বউ করে নিয়ে আসেন। রাধা সর্বোচ্চ চেষ্টা করে তার স্বামীর টর্চ পাগলামি কমানোর। কিন্তু হিতে বিপরীত হয়, নরেনের পাগলামি বাড়তে থাকে। মায়ের মৃত্যুর পরও নরেন টর্চ হাতছাড়া করে না। রাধার জীবন হয়ে ওঠে কঠিন। বিরক্ত নরেন ভাবেন, বউ তাঁর সাধনা নষ্ট করে দিচ্ছে। চাকরি দেয়ার নামে শহরের এক লোকের হাতে নরেন তুলে দেন রাধাকে। এক ফাঁকে নরেনের টর্চটি নিয়ে পালিয়ে যান রাধা।’ নাটকটির বিষয়বস্তু সম্পর্কে তৃষা আরো জানান, ‘পুরুষতান্ত্রিক সমাজে নারীদের বঞ্চনা ও অবহেলার গল্প যে একই তা এই নাটকে তুলে ধরতে চেয়েছি।’ দিদারুল ইসলাম সুজনের প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন নূরউল্লাহ। নাটকটির চিত্রগ্রাহক মহিউদ্দিন রানা।