'উইন্টার কিলস' নিয়ে ডেভল ড্রাইভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভল ড্রাইভার-এর সদস্যরা
ডেভল ড্রাইভার-এর সদস্যরা

বিলবোর্ড শীর্ষ দশ হার্ডরক অ্যালবামের তালিকায় তৃতীয় স্থান দখল করে আছে ডেভল ড্রাইভারের উইন্টার কিলস। তাদের এই অ্যালবামটি বের হয় গত ২৭ আগস্ট । বের হতে না-হতেই সাফল্যের মুখ দেখতে শুরু করেছে অ্যালবামটি।২০০২ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে ‘ডেভল ড্রাইভার’-এর যাত্রা শুরু হয়। শুরুতে ‘ডেথরাইড’ নাম নিয়ে কার্যক্রম শুরু করলেও পরবর্তী সময়ে নাম বদলাতে বাধ্য হয় তারা। কেননা ‘ডেথরাইড’ নামে বিশ্বে আরও বেশ কিছু দল থাকায় এ নাম ব্যবহারে আইনি জটিলতাও ছিল। তাদের ২০০২ সালের আগের কাহিনিটিও বেশ মজার। মাত্র ১৫ বছর বয়সে বেজিস্ট জন মিলার, ড্রামার জন বকলিন ও গিটারিস্ট জেফ কেনড্রিক ‘এরিয়া ফিফটি ওয়ান’ নামে একটি গানের দল গঠন করেন। তাঁরা মূলত নিজেদের স্কুলেই অনুশীলন করতেন। মেটালিকা, স্লেয়ার ও প্যান্টেরার গান অনুশীলন করেই পার হতে লাগল তাঁদের স্কুলজীবন। এভাবে অনেক দিন গান করার পর ২০০২ সালে তাঁদের সঙ্গে পরিচয় ঘটল ‘কোল চেম্বার’ নামে খ্যাতনামা দলের ভোকালিস্ট ডেজ ফাফারার। ডেজ ফাফারা তখন কোল চেম্বারের ডার্ক ডেজ অ্যালবামের কাজ করছিলেন। এ সময় কথা প্রসঙ্গে ফাফারা তাঁদের তাঁর নতুন একটি মেটাল দল গড়ার ইচ্ছার কথা জানান। এর পরই ‘ডেথরাইড’ নাম নিয়ে যাত্রা শুরু হয় তাঁদের। পরে দলের এই নাম নিয়ে আপত্তি তোলেন ফাফারা। তাঁর যুক্তি ছিল, এই নামে অসংখ্য দল এবং একটি বাইসাইকেল রেসিংয়ের দলও আছে। এ ছাড়া সে সময় তাঁরা যে রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, সেই রোডরানার রেকর্ডসও এই নাম এবং পরবর্তী সময়ে নামের স্বত্ব রক্ষার নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে।

এরপর প্রায় ২০০ নামের তালিকা করে সেখান থেকে নাম নির্বাচিত হয় ‘ডেভল ড্রাইভার’। ফাফারার স্ত্রীর কাছে ইতালিয়ান জাদুবিদ্যার একটি বই ছিল। সেখানেই লেখা ছিল ‘ডেভল ড্রাইভার’ সম্পর্কে। এই শব্দটি নির্দেশ করে একটি ঘণ্টার, যা অশুভ শক্তি দূর করে। ২০০৩ সালে দলের নামেই তাঁদের প্রথম অ্যালবাম বের হয় রোডরানার রেকর্ডস থেকে। এরপর আস্তে আস্তে সাফল্যের মুখ দেখেন তাঁরা।

ডেভল ড্রাইভার মূলত গ্রুপ মেটাল ও মেলোডিক ডেথ মেটাল ধাঁচের গান করে। তবে দলের সদস্যরা হেভি মেটাল ছাড়াও সংগীতের অন্যান্য ধারার প্রতিও আগ্রহী। নির্দিষ্ট কোনো ধাঁচের মধ্যে আটকে থাকতে একদমই নারাজ তাঁরা।

ডেভল ড্রাইভার-এর সদস্য

l ডেজ ফাফারা—লিড ভোকালস (২০০২-বর্তমান)

l জেফ কেনড্রিক—গিটার (২০০২-বর্তমান)

l জন বকলিন—ড্রামস (২০০২-বর্তমান)

l মাইক সপ্রাইটজার—গিটার (২০০৪-বর্তমান)

l ক্রিস টাউনিং—বেজ (২০১৩-বর্তমান)

ডেভল ড্রাইভার-এর যত অ্যালবাম

l ডেভল ড্রাইভার (২০০৩)

l দ্য ডিউরি অব আওয়ার মেকারস হ্যান্ড (২০০৫)

l দ্য লাস্ট কাইন্ড ওয়ার্ডস (২০০৭)

l প্রে ফল ভিলেনস (২০০৯)

l বিস্ট (২০১১)

l উইন্টার কিলস (২০১৩)

মনোয়ারুল হক

তথ্যসূত্র: ইন্টারনেট