'উইমেন ইন কাবিননামা'র প্রকাশনা অনুষ্ঠান

গবেষক বিলকিস রহমান-এর গবেষণাগ্রন্থ ‘উইমেন ইন কাবিননামা’র প্রকাশনা অনুষ্ঠান হয়েছে আজ রোববার। রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বইটির প্রকাশক, পাঠক সমাবেশ-এর সম্পাদনা বিভাগের প্রধান ওয়াহিদুল হক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-এর অধ্যাপক আশা ইসলাম নাঈম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সাইন ইমতিয়াজ এবং ডেইলি ইনডিপেনডেন্ট-এর বার্তা সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মাসরুর জামান।
প্রকাশনা অনুষ্ঠানে আয়োজকেরা জানান, ‘উইমেন ইন কাবিননামা’ গ্রন্থে নারীর অধিকার সুরক্ষায় বিয়ের দলিল হিসেবে কাবিননামা’র ভূমিকা ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন বিলকিস রহমান। এ প্রসঙ্গটি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পারিবারিক জীবনে নারীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কাবিননামা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিলকিস রহমান ইতিহাসের আলোকে তা বিশ্লেষণ করেছেন। এ জাতীয় গবেষণা আরও বেশি করার আহ্বান জানান তিনি।