
পণ্ডিত অজয় চক্রবর্তী। উচ্চাঙ্গসংগীতের জনপ্রিয় শিল্পী, শিক্ষাগুরু। জড়িত আছেন ভারতের সংগীত রিসার্চ একাডেমির সঙ্গে। প্রতিষ্ঠা করেছেন শ্রুতিনন্দন একাডেমি। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনের নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন শুরু থেকে। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে শুক্রবার রাতে গান শোনাবেন তিনি। গতকাল বুধবার ঢাকার একটি হেটেলে প্রথম আলোকে এ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিয়ে আপনার প্রত্যাশা...
উচ্চাঙ্গসংগীতের সবচেয়ে বড় উৎসব এটি। গত বছর আমরা শুরু করেছিলাম মাত্র। কিন্তু শ্রোতারা ওই আয়োজনে যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা অভিভূত। তাই এবার আরও সাড়ম্বরে উৎসবটি হবে—এই আশা করছি। গত বছরের সঙ্গে এবারের উৎসবের কোনো পার্থক্য আছে? আমার কাছে পরিসরের দিক দিয়ে এবারের উৎসব আরও বড় বলে মনে হয়। যদি নিবন্ধনের বিষয়টি ধরেন, তাহলেও এ বছর বেশি মানুষ নিবন্ধন করেছেন বলে শুনেছি। আগের উৎসবের শিল্পীরা তো থাকছেনই। এবার কয়েকজন নতুন শিল্পীও যোগ দিচ্ছেন—ওস্তাদ রইস খান, বিদূষী পারভিন সুলতানা, স্বপন চৌধুরীসহ আসছেন অনেকেই।
আপনি প্রায়ই বলেন, রাগ বিলাবলের উৎস বাংলার মাটি...
ঠিক তাই। রাগ বিলাবল হচ্ছে এই বাংলার কীর্তন। কখনো রাগ বিলাবলের সঙ্গে তীব্র মধ্যম যুক্ত হয়ে রাগ কল্যাণের সৃষ্টি হয়েছে। আবার কখনো কোমল নিখাদ যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে খাম্বাজ রাগ। মূলে কিন্তু বিলাবল আছেই। আপনি লালন সাঁইয়ের গানগুলো দেখেন, বিলাবল রাগে পড়বে, গীতগোবিন্দর রচয়িতা জয়দেব কিংবা শ্রীচৈতন্যের গানেও বিলাবল আছে। আসলে আমাদের রাগসংগীত এসেছে মাটি থেকে।
উচ্চাঙ্গসংগীতের অজয় চক্রবর্তী ও আধুনিক বাংলা গানের অজয় চক্রবর্তী...
কেউ যখন ঘরের ভেতর তার মায়ের সঙ্গে কথা বলে, তখন সে এক রকম মানুষ, আবার যখন সে তার অফিসে বসে কাজ করে, কথা বলে, তখন সে আরেক রকম মানুষ। এক মানুষ কি তিন-চার রকম হয় না?
এ উৎসব বাংলাদেশের উচ্চাঙ্গসংগীতের চর্চাকে কতটা প্রভাবিত করবে?
বাংলাদেশ সেই দেশ, যেখানে আজ যাত্রা, কাল নাটক, পরশু গান—ক্রমাগত চলতেই থাকে। নিজেকে, নিজের সংস্কৃতিকে ফিরে দেখার জন্য বাঙালিদের খিদে প্রচণ্ড। সে কারণে আমি আশাবাদী।
আলতাফ শাহনেওয়াজ