'উজান গাঙের নাইয়া'য় স্পর্শীয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পর্শীয়া
স্পর্শীয়া

বিবিসির প্রযোজনায় গিয়াস উদ্দিন সেলিম ও বাশার জর্জিসের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে স্বাস্থ্য সচেতনতামূলক ১৬ পর্বের ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্পর্শীয়া। এখানে স্পর্শীয়া ১৬ বছরের কিশোরী মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে স্পর্শীয়া বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম আনিকা। চরিত্রের প্রয়োজনে প্রথমে আমাকে শরীরের ওজন বাড়াতে হয়েছিল। পরে আবার এক মাসের মধ্যে আমাকে ছয় কেজি ওজন কমাতে হয়। নাটকটির প্রতি পর্বেই আমাকে ভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। প্রচণ্ড শীত ও প্রখর দাবদাহের মধ্যে শুটিং করেছি আমরা।’

স্পর্শীয়া আরও বলেন, ‘নাটকটিতে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। এই চরিত্রে কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি, একজন নারীকে কতটা কষ্ট সহ্য করে মা হতে হয়। আমার বিশ্বাস, নাটকটি দেখে দর্শকেরা বুঝতে পারবেন, বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব কত ভয়ংকর রূপ ধারণ করতে পারে।’

স্পর্শীয়া
স্পর্শীয়া

মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতামূলক এই ধারাবাহিক নাটকে অল্প বয়সী মেয়েদের গর্ভকালীন সমস্যাসহ আরও নানা বিষয় তুলে ধরা হয়েছে।
নাটকের কাহিনিতে দেখা যাবে, কিশোরী মেয়ে আনিকা শহরে মামার বাসায় থাকে। একপর্যায়ে গ্রামে মায়ের কাছে ফিরে যায় সে। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু গ্রামে গিয়ে সে বাল্যবিবাহের শিকার হয়। তারপর প্রতিবাদী আনিকা প্রতিনিয়তই যুদ্ধ করে যায় লেখাপড়ার জন্য। এ জন্য সে শাশুড়ির কাছে অপ্রিয় হয়ে ওঠে। স্বামীও বিশ্বাসঘাতকতা করে তার সঙ্গে। বিয়ের পরপরই গর্ভধারণ করে কিশোরী আনিকা।

নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জের নবগ্রামে। নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শ্যামল মাওলা, শিল্পী সরকার অপু, জুঁই প্রমুখ। বিটিভিতে ১১ মে থেকে প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় নাটকটি প্রচারিত হবে।