>

ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হচ্ছে যে সময়টাকে, গত শতকের পঞ্চাশ থেকে আশির দশক—সে সময়কার বড় অভিনেত্রীদের মধ্যে সুপ্রিয়া দেবী অগ্রগণ্য। ২৬ জানুয়ারি শুক্রবার ভোরবেলা তিনি মৃত্যুবরণ করেন। কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে অন্তর্ধান ঘটে এ কিংবদন্তি অভিনেত্রীর। লিখেছেন বিপ্লব কুমার রায়
সুপ্রিয়া দেবী জন্মেছিলেন বার্মার (বর্তমান মিয়ানমার) উত্তরভাগে ইরাবতীর তীরে মিচকিনা নামক জায়গাটায়। সাল ১৯৩৩। রাত্রি ১২টা। আইনজীবী বাবা গোপাল চন্দ্র ব্যানার্জি ও মা কিরণবালা ব্যানার্জির ঘরে জন্মালেন সুপ্রিয়া। বাড়িতে ডাকত ‘বেণু’ বলে। ব্যানার্জি দম্পতির আগেই তিনটি ছেলে ও সাতটি মেয়ে ছিল। শেষ সন্তানটি ছেলে হবে আশা করে বেণু যখন এল, বাবা-মা কেউ খুশি নয়। বেণুর সাড়ে তিন বছর বয়সে তাঁর বড় ভাই মারা গেলেন। মা বললেন, ‘ওই মেয়েটা অপয়া, ওর জন্যই আমার ছেলেটা মরে গেল। ওকে তাড়াও। নইলে ও সবাইকে খাবে।’ মেজদিই বেণুকে মায়ের আদর দিয়ে বড় করেন।
পরিবার পরিজনদের সবাই ছিলেন উচ্চশিক্ষিত। বাবা, কাকা, জ্যাঠামশাই তিনজনই স্কলারশিপ নিয়ে বিএ পাশ করেছিলেন। বিলেত গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল বাবার। পরিবারের কারণে ইচ্ছে পূরণ না হওয়ায় সুদূর বর্মা-মুলুকে পালিয়ে গেলেন। সুপ্রিয়া পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাবার এই জেদি বৈশিষ্ট্য তাঁর মধ্যে সঞ্চারিত হয়। মা ছিলেন ঢাকার মেয়ে। বোনেদের একজনের বর ছিলেন সাহিত্যিক বনফুল। বাড়িতে জামাইবাবুর সাহিত্যিক বন্ধুদের আনাগোনা ছিল। অজান্তেই বেণুর শিল্প-সাহিত্য-থিয়েটার-চলচ্চিত্রের প্রতি ঝোঁক বাড়ছিল। বাবা শুনতেন কানন দেবীর গান। বেণুর দিদি দীপ্তি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রী ছিলেন।

মিচিনার ‘টাউন হলে’ একবার বেণুর বাবা তিনটি নাটক পরিচালনা করবেন বলে স্থির করলেন। বাবার উকিল বন্ধুরাই কুশীলব। দেখা গেল, শাজাহান-এর শিনার ও নরনারায়ণ-এর বৃষকেতু করার মতো সাত-আট বছরের বাচ্চা ছেলে পাওয়া যাচ্ছে না। হঠাৎ বেণুর দিকে চোখ পড়ল। বাবা বললেন, ‘পারবি?’ বেণু তুমুল রিহার্সাল করে চরিত্র দুটি করে উপস্থিত সকলের প্রশংসা কুড়োল।
বেণুদের বার্মার সংসার ভালোই চলছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। বেণুর পরিবারকে বার্মা ছাড়তে হলো। কিছুদিন নারায়ণগঞ্জ, কিছুদিন মধুপুর, মুজফফরপুর হয়ে শেষতক কলকাতায় সংসার পাতা হলো গিরীশ মুখার্জি রোডে। এর মধ্যে বেণু ভাগলপুরে চিত্রাঙ্গদায় মদনের পাঠ করল। এখানেই প্রথম দেখা হলো উত্তমকুমারের সঙ্গে। ১৮-১৯ বছরের উত্তম তখন পাড়ায় হিরো। যাত্রা-থিয়েটারে পার্ট করে।
জামাইবাবু বনফুলের লেখা মানদণ্ড ছবিতে প্রথম অভিনয়ের প্রস্তাব এল বেণুর। পরিচালক বিমল রায়। কিন্তু বাবা কাজ করতে দিলেন না। মানদণ্ড-এর নায়িকা চন্দ্রাবতী দেবী বেণুদের পাশের বাড়িতেই থাকতেন। একদিন বেণুকে দেখে বললেন, ‘সিনেমায় নামবে?’ চন্দ্রাবতী দেবীই এবার বাড়ির লোককে রাজি করালেন। পরিচালক নীরেন লাহিড়ীর ছবি নাগপাশ হলো বেণুর প্রথম ছবি। এই ছবি মুক্তি পেল না। আবারও ধাক্কা খেলেন বেণু।
পরের ছবি বসু পরিবার-এ উত্তমকুমারের সঙ্গে আবার দেখা। ছবিতে বেণুর দাদার চরিত্রে উত্তম। এই ছবির শুটিং চলাকালে পাহাড়ি সান্যাল বেণুর নতুন নাম রাখলেন ‘সুপ্রিয়া ব্যানার্জি’। একটা দৃশ্যে সুপ্রিয়া দাদা উত্তমকে জড়িয়ে ধরে ছোট ভাইকে মারার জন্য ছাড়াতে যাবে। সুপ্রিয়ার বাবা এর জন্য কোনোভাবেই বেণুকে শুটিং করতে দেবেন না। কোনো রকমে ছবি শেষ হলেও বাড়িতে সবাই মিলে ঠিক করল, বেণুর ফিল্ম করা চলবে না।
বিয়ে হয়ে গেল বেণুর, স্বামী বিশ্বনাথ চৌধুরী। এদিকে সত্যজিৎ রায় বসু পরিবার দেখে সুপ্রিয়াকে হন্যে হয়ে খুঁজছেন। খবর পাঠালেন, রবীন্দ্রনাথের ঘরে-বাইরে বানালে সুপ্রিয়াকে দিয়েই ‘বিমলা’ করাতে চান। পরে অবশ্য সে ছবিতে সুপ্রিয়ার কাজ করা হয়নি।
সুপ্রিয়া চৌধুরীর প্রথম নাম ছড়াল আম্রপালি করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজে এসে আম্রপালিতে সুপ্রিয়াকে কাস্ট করেছিলেন। অভিনয়ের খ্যাতি উত্তমকুমারের কানেও গেল। এরপর উত্তমের নায়িকা হিসেবে উত্তর মেঘ, সোনার হরিণ, শুন বরনারী ছবিগুলোতে সই করলেন সুপ্রিয়া।

একদিন ঋত্বিক ঘটক সুপ্রিয়াকে ডেকে পাঠিয়েছেন। আগে অনেক পরিচালকের কাছে তাচ্ছিল্য পেয়েছেন বলে এবার সুপ্রিয়া ঋত্বিককেই বাড়ি আসতে বললেন। পরদিন ঋত্বিক এসে ঠিক হাজির। প্রথম সম্বোধনেই বলল, ‘দেখ, আমি আপনি আজ্ঞে করতে পারব না। তুই আমার ছোট বোনের মতো। রোল খুব ভালো, মেক-আপ ছাড়া। কারণ রোলটা একটা রিফিউজি মেয়ের।’ চরিত্রটি নীতা, ছবির নাম মেঘে ঢাকা তারা।
মেঘে ঢাকা তারার নীতা আর কোমল গান্ধার-এর অনুসূয়ার পর ঋত্বিক পরে সুপ্রিয়াকে মাথায় রেখে সুবর্ণরেখার চিত্রনাট্য করেছিলেন। কিন্তু অন্য পরিচালকদের ছবিতে ফাঁকি দিয়ে ঋত্বিকের ছবি করতে উত্তম না করলেন। মেঘে ঢাকা তারার সেটে সুপ্রিয়াকে দেখে উত্তম বলেছিলেন, ‘এই কালিঝুলি মেখে অভিনয় করলে কেউ আর পুছবে না। গ্ল্যামারাস রোল কর।’ তখনো উত্তমের সঙ্গে প্রেম হয়নি সুপ্রিয়ার।
পরে সুপ্রিয়ার জীবন হয়ে উঠেছিল পুরোপুরি উত্তমময়। গৌরীর সঙ্গে সংসারে ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন উত্তম। সুপ্রিয়াও বিশ্বনাথকে ডিভোর্স দিয়েছেন। প্রতিদিনই সুপ্রিয়ার ময়রা স্ট্রিটের বাসায় আসতে লাগলেন উত্তম। একদিন আর ফিরে গেলেন না। গৌরীকে ডিভোর্সও দেননি উত্তম। তাই সুপ্রিয়াকে রেজিস্ট্রি করে বিয়ে করতে পারছিলেন না। অনেকে নিন্দা করেছে অনেক। দুজনই কারও ধার ধারেননি। ১৭ বছর সংসার করে উত্তম পরপারে চলে গেলে। উত্তমের মৃত্যুর পর সুপ্রিয়া তাঁর স্মৃতিগুলো আঁকড়েই বাকিটা জীবন বেঁচে ছিলেন।
সুপ্রিয়ার হাতের রান্না ছাড়া উত্তম খেতে পারতেন না। পরে ‘বেণুদির রান্না’ ইন্ডাস্ট্রিতে একটা মিথ হয়ে দাঁড়াল। রান্নার বই লিখেও বেণুদি কিংবদন্তি বনে যান।
মেঘে ঢাকা তারার নীতা হিসেবে সুপ্রিয়ার অভিনয় তাঁকে করে রাখবে অমর। নীতার সঙ্গে বাস্তবের সুপ্রিয়ারও অনেক মিল। দুজনই পরিবারে অভাব দেখেছে, মায়ের অনাদর পেয়েছে। দাদা সংগীতে নাম করবে বলে নীতা যেমন আত্মত্যাগ করেছে, সুপ্রিয়াও উত্তম চলচ্চিত্রে নাম করবে বলে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। নীতা প্রত্যাখ্যাত হয়েছিল প্রেমিকের কাছে। সুপ্রিয়াও উত্তমকে পেয়েও যেন পাননি। তবু বেণু বন্দ্যোপাধ্যায় থেকে সুপ্রিয়া ব্যানার্জি, সুপ্রিয়া চৌধুরী হয়ে সুপ্রিয়া দেবী—এই চলচ্চিত্রযাত্রার নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে তিনি শুধুই উত্তমকুমারের একান্ত ‘সুপ্রিয়া’।