এসেছে রবীন্দ্রসংগীতের অ্যালবাম সোনার হরিণ। এতে গান গেয়েছেন লিলি ইসলাম। গানগুলোর সঙ্গে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন শুভায়ু সেন মজুমদার। সম্প্রতি এটি বাজারে এনেছে ফাহিম মিউজিক। কথা হলো লিলি ইসলামের সঙ্গে।অ্যালবামটির নাম ‘সোনার হরিণ’ কেন?আমার এর আগের অ্যালবামটি প্রকাশ করেছিল ভারতের এইচএমভি-সারেগামা। সেটির নাম ছিল বনের হরিণ। কারণ, সেটাতে ‘সে কোন বনের হরিণ’ গানটি করেছিলাম। এই অ্যালবামে গেয়েছি ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’। আগেরটির সঙ্গে মিল রাখার জন্য এবার নাম দিয়েছি সোনার হরিণ। এই অ্যালবামের সব কটি গানই চমত্কার। এটা আমার ১৩তম একক অ্যালবাম। এর মধ্যে আটটি বেরিয়েছে ঢাকা থেকে, অন্যগুলো কলকাতায়। আর আমার নতুন অ্যালবামের কাজ করেছিলাম কলকাতায়। কলকাতায় যাঁরা অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ করতে যান, তাঁরা সাধারণত সংগীতায়োজনের জন্য দূর্বাদল চট্টোপাধ্যায় অথবা অমিত বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন। আপনি শুভায়ুকে দায়িত্ব দিলেন কেন?শুভায়ু এ প্রজন্মের ছেলে। তার ওপর সে বড় হয়েছে শান্তিনিকেতনে। শৈলজারঞ্জন মজুমদারের ভাইয়ের ছেলে সে। আমার ধারণা ছিল, ওর মধ্যে নতুন কিছু করার ভাবনা থাকবে। আধুনিকতার নামে গানকে ভাসিয়ে দেওয়া নয়, গানের বাণী-সুর-ভাব বুঝে ভেবেচিন্তে সংগীত পরিচালনার কাজ করবে। আর শুভায়ু ঠিক তা-ই করেছে। অ্যালবামের ‘আজি যত তারা’ গানটির সঙ্গে তবলা না রাখার কারণ কী?এটা নিয়ে আমিও শুভায়ুর সঙ্গে কথা বলেছি। ও বলল, এটা পুরোপুরি প্রার্থনার গান। রবীন্দ্রনাথের এই গানে চার্চের সুরের একটা প্রভাব আছে। সেই দিকটা মাথায় রেখেই কিন্তু গানটির সংগীতায়োজন করা হয়েছে। সব কটি গানের সংগীতায়োজনেই এমন অনেক কিছু বিবেচনা করেছে ও। গানগুলো পেয়েছে অন্য মাত্রা।কিছুদিন আগে আপনি একটা সংগঠন গড়ার কথা বলেছিলেন।হ্যাঁ, আমার ছাত্রছাত্রীরা অনেক দিন থেকেই রবীন্দ্রসংগীতের একটি সংগঠন গড়ার জন্য আমাকে অনুরোধ করছে। এর ফলে তাদের গানের চর্চাটা অব্যাহত রাখা নাকি সহজ হবে। আমিও ভেবে দেখলাম, করলে মন্দ হয় না। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। নিয়মিত মহড়া হচ্ছে। সংগঠনটির নাম দিয়েছি উত্তরায়ণ। শিগগিরই এর যাত্রা শুরুর অনুষ্ঠান আয়োজন করব।