'উপহার দিতে ভালো লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচি সোলায়মান
রিচি সোলায়মান

রিচি সোলায়মান। এখন ষোলো আনা ব্যস্ত অভিনয় নিয়েই। আজ দেশ টিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক সাতকাহন।

‘সাতকাহন’-এর পাঠক...
তখন আমার বয়স বোধ হয় ১৫। মন্ত্রমুগ্ধের মতো সাতকাহন পড়েছি। উপন্যাসটা পড়ার সময় আর সব পাঠকের মতো আমারও নিজেকে দীপাবলি মনে হচ্ছিল।
রিচি সোলায়মান যখন দীপাবলি...
সত্যি কথা বলতে, দীপাবলি সব অভিনেত্রীর জন্যই একটা স্বপ্নের চরিত্র। মজার ব্যাপার হলো, যখন সাতকাহন উপন্যাস থেকে নাটক নির্মাণের কথা শুনেছিলাম, তখনই মনে হচ্ছিল দীপাবলি চরিত্রটা তো আমিও করতে পারতাম। সে সময় আবার যুক্তরাষ্ট্রে চলে গেলাম। ফিরে আসার পর দোদুল ভাই (গোলাম সোহরাব দোদুল) যখন প্রস্তাব করলেন, আমি তো অবাক! বললাম, নাটকটা এখনো শেষ হয়নি! দোদুল ভাই বললেন, ‘না, শেষ অংশটার জন্যই তোমাকে বলছি।’
পর্দায় দীপাবলিকে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ...
অবশ্যই কাজটা খুব কঠিন ছিল। দর্শক চরিত্রটাকে চেনে, গল্পটা জানে। বিশ্বাসযোগ্যভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে। দর্শকের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। তা ছাড়া সেদিন শর্মিলী আন্টির (শর্মিলী আহমেদ) একটা কথা খুব ভালো লেগেছে। আন্টি বলছিলেন, ‘সাতকাহন-এ তোকে এত ভালো লাগছে! মনে হচ্ছে, রিচি এখানে দীপাবলি না, দীপাবলিই রিচি!’

ঈদের কাজ...
চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক করলাম। এ ছাড়া গোলাম সোহরাব দোদুল, মাহফুজ আহমেদ, নিয়াজ মাহবুব, রায়হান খান আর আহমেদ সুস্ময়ের নাটকেও কাজ করেছি। এর মধ্যে মাহফুজ আহমেদ আর দোদুল ভাইয়ের নাটক দুটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত! চরিত্রগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল।

আমার প্রযোজনা প্রতিষ্ঠান নীলাঞ্জনা থেকে ঈদের নাটক...
চারজন পরিচালকের নাটক নির্মাণ করেছি—হিমেল আশরাফ, শাহনেওয়াজ কাকলী, রায়হান আহমেদ আর আহমেদ সুস্ময়।

নাট্যকার রিচির খবর...

শুটিংয়ের চাপে লেখালেখি মাথায় উঠেছে! নিজের প্রযোজনা প্রতিষ্ঠান, সংসার, সন্তান...সবকিছুরই চাপ আছে।

যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া...
এবার তো অনেক দিন দেশে থাকলাম। আগস্টে আবার যাচ্ছি।
ঈদের পরিকল্পনা...
আমার সব সময় উপহার দিতে ভালো লাগে। আত্মীয়স্বজনকে তো দেবই। এ ছাড়া এবার ঈদে আব্বুর দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমার এলাকা নীলফামারীর মানুষজনের জন্য কিছু করতে চাই। তাঁরা যেন ঈদের দিনটা অন্তত আনন্দে কাটাতে পারেন।
মো. সাইফুল্লাহ