'উলভারিন'কে বিদায় জানাবেন জ্যাকম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য উলভারিন’ ছবির পোস্টারে হিউ জ্যাকম্যান
‘দ্য উলভারিন’ ছবির পোস্টারে হিউ জ্যাকম্যান

জনপ্রিয় ‘এক্স-মেন’ সিরিজের ছবিতে উলভারিন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান। কিন্তু উলভারিন চরিত্রে আর অভিনয় করবেন না বলেই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ৪৪ বছর বয়সী এই তারকা অভিনেতা।

এ প্রসঙ্গে জ্যাকম্যান জানিয়েছেন, শুরু থেকেই ‘এক্স-মেন’ সিরিজের ছবিতে উলভারিন চরিত্রে অভিনয় নিয়ে তাঁর স্ত্রী অস্ট্রেলীয় অভিনেত্রী ও নির্মাতা ডেবরা-লি-ফারনেসের আপত্তি ছিল। বরাবরই উলভারিনের চেয়ে আরও বেশি সিরিয়াস চরিত্রে জ্যাকম্যানকে দেখতে চেয়েছেন ৫৭ বছর বয়সী ডেবরা। সামনে এই সিরিজের ছবিতে অভিনয় না করার সম্ভাবনার কথাও জানিয়েছেন জ্যাকম্যান।

গত মাসে মুক্তি পেয়েছে জ্যাকম্যান অভিনীত ‘দ্য উলভারিন’ ছবিটি। সিরিজের পরবর্তী চারটি ছবিতেও চুক্তিবদ্ধ হওয়ার জন্য ১০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়েছে তাঁকে। কিন্তু প্রস্তাবটি তিনি ফিরিয়ে দিতে পারেন বলেই এক খবরে জানিয়েছে ‘ডিজিটাল স্পাই’।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, জ্যাকম্যানকে বড় একটি সিদ্ধান্ত নিতে হবে। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিনিময়ে এত বিপুল অঙ্কের পারিশ্রমিক পাওয়ার প্রস্তাব সব সময় আসে না। স্ত্রীর অনুমতি না পেলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না জ্যাকম্যান। তবে এখন পর্যন্ত তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেননি। তার মানে এখনো প্রস্তাবটি বিবেচনায় রেখেছেন তিনি।

২০০০ সালে ব্রায়ান সিঙ্গারের ‘এক্স-মেন’ ছবিতে ‘উলভারিন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পান হিউ জ্যাকম্যান। এই ছবির মাধ্যমে নতুন জ্যাকম্যানের জন্ম হয়। তবে সে সময় উলভারিন হিসেবে জ্যাকম্যানকে বেছে নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরিচালককে। কারণ, বইয়ে উলভারিনের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অথচ হিউ জ্যাকম্যান তার চেয়ে প্রায় এক ফুট বেশি লম্বা (ছয় ফুট দুই ইঞ্চি)।

কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর এসব সমালোচনা আর ধোপে টেকেনি। যদিও পরিচালক জ্যাকম্যানের উচ্চতা ছোট করে দেখাতে শুটিংয়ের সময় বিশেষভাবে ক্যামেরা ব্যবহার করেছিলেন, কিন্তু পর্দায় তুমুল অ্যাকশন আর শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগের সময় দর্শকের এসব বিষয় মাথায় ছিল না। ২০০০ সালে ‘এক্স-মেন’ মুক্তির পর ২০০৩ সালে ‘এক্স-মেন টু’, ২০০৬ সালে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ এবং ২০০৯ সালে ‘এক্স-মেন অরিজিন: উলভারিন’ ছবিটির জন্য জ্যাকম্যানকেই বেছে নেন পরিচালক।

জেমস ম্যাগোল্ড পরিচালিত ‘দ্য উলভারিন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকম্যান। ছবিটি গত ২৫ জুলাই অস্ট্রেলিয়ায় এবং ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ১০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে পাঁচ কোটি ডলারের বেশি।