'উহ লা লা' গানের পর ব্রিটনির নতুন অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মুক্তি পেয়েছে মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সের ‘উহ লা লা’ গানটি। এটি ব্যবহূত হয়েছে ‘দ্য স্মার্ফস ২’ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ জুলাই। নিজের পরবর্তী অ্যালবামের কাজও প্রায় শেষ বলে জানিয়েছেন ‘বেবি ওয়ান মোর টাইম’খ্যাত এ তারকা সংগীতশিল্পী।
নতুন অ্যালবামের শিরোনাম সম্পর্কে কিছু না জানালেও এক টুইটার বার্তায় ৩১ বছর বয়সী এ গায়িকা লিখেছেন, ‘আমার নতুন অ্যালবামের কাজ অনেকটাই গুছিয়ে এনেছি। অনেক দিন থেকেই অ্যালবামটির কাজ করছি। আমার নতুন গানগুলো সবাইকে শোনানোর জন্য একদমই তর সইছে না।’ জানিয়েছে ‘অ্যাকসেস হলিউড’।
ব্রিটনি আরও লিখেছেন, ‘আমার ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতার কথাই অ্যালবামের গানগুলোতে ঠাঁই পেয়েছে। এর আগে আমার আর কোনো অ্যালবামেই এত বেশি ব্যক্তিগত প্রসঙ্গ উঠে আসেনি।’