'উৎসবটি শিল্পকলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে পুরস্কৃত শিল্পীরা ছবি শিল্পকলা একাডেমির সৌজন্যে
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে পুরস্কৃত শিল্পীরা ছবি শিল্পকলা একাডেমির সৌজন্যে

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বাংলাদেশসহ বিশ্বের ৫৪টি দেশের অংশগ্রহণে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’। অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবারের পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম। আয়োজনটির ১৭তম আসরে ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের কামরুজ্জামান স্বাধীন, হারুনুর রশীদ ও চিলির ডাগমারা হুইসক্যাল। জুরিদের বিচারে ‘অনারেবল ম্যানশন’ অ্যাওয়ার্ড পেয়েছেন কুন্তল বাড়ৈ, রাজিব কুমার রায়, শ্যামল চন্দ্র সরকার, দিলীপ কুমার কর্মকার এবং বিপাশা হায়াত। 

বৃহস্পতিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন। উৎসবটি বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক গণ্ডি পেরিয়ে শিল্পকলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলাদেশের আবহমান এ সংস্কৃতিকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা করেন। তিনি বলেন, এ প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন দেশ অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে তাদের শিল্প-সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি, যা আমাদের শিল্প-সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের এক নিবিড় সাংস্কৃতিক যোগাযোগ গড়ে উঠে, যা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।’ আসরের জুরি বোর্ডের প্রধান শিল্পী রফিকুন নবী এবারের চারুকলা প্রদর্শনীর শিল্পকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় জানান, বিদেশি ছবিগুলো যথাযথভাবে ‘কিউরেট’ করা হয়নি’। তিনি বাংলাদেশি শিল্পীদের কাজগুলো নিয়ে জুরিবোর্ডের বিদেশি সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।

ফিতা কেটে মূল প্রদর্শনীর উদ্বোধন করছেন অতিথিরা
ফিতা কেটে মূল প্রদর্শনীর উদ্বোধন করছেন অতিথিরা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। এবারের প্রদর্শনীর সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী। সভাপতিত্ব করেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন উত্তর কোরিয়ার সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী ইয়ং চোল এবং থাইল্যান্ডের উপমন্ত্রী চাওরো কাসিতসুন অরং ট্রন।
প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ৫৫৬ জন শিল্পীর শিল্পকর্ম থেকে বাছাই করে ১৪৮ জন শিল্পীর ১৫৪টি শিল্পকর্ম প্রদর্শনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য ৫৪ জন আমন্ত্রিত চিত্রশিল্পীর ৫৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাচ্ছে। অন্যদিকে প্রদর্শনীতে স্থান পাচ্ছে ৫৩টি দেশের ১৫০ জন শিল্পীর ২৬০টি শিল্পকর্ম। অংশগ্রহণকারী দেশগুলো থেকে শিল্পী, শিল্প সমালোচক, মিউজিয়াম কিউরেটরসহ মোট ১৪৫ জন বিদেশি এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এবারের উৎসবে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রদর্শনীর পাশাপাশি ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে পারফরমেন্স আর্ট প্রদর্শিত হবে। বাংলাদেশের ১২ জন শিল্পী এ পারফরমেন্স আর্ট প্রদর্শন করবেন। আজ উদ্বোধনী দিনে রয়েছে সুজন মাহবুব, অর্পিতা সিনহা, সানজিদ মাহমুদ, ঋতু সাত্তার, জুয়েল এ রব, ইফফাত রেজওয়ানার পরিবেশনা। মাসব্যাপী এ প্রদর্শনী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এ অনন্য প্রদর্শনী ১৯৮১ সালে যাত্রা শুরু করে।

প্রদর্শনী দেখছেন শিল্পী ও অতিথিরা
প্রদর্শনী দেখছেন শিল্পী ও অতিথিরা